- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২, ২০২৩
৮ উইকেট লায়নের, ইন্দোর টেস্টে হারের মুখে ভারত
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ঘূর্ণি উইকেট যে ভারতের কাছে বুমেরাং হয়ে যাবে, প্রথম দিনেই ইঙ্গিতটা স্পষ্ট ছিল। প্রত্যাশামতোই দ্বিতীয় ইনিংসেও ভেঙে পড়ল ভারতের ইনিংস। গুটিয়ে গেল মাত্র ১৬৩ রানে। নাথান লায়নের বোলিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না ভারতীয় বোলাররা। ৬৪ রানে ৮ উইকেট তুলে নিলেন এই অসি স্পিনার। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ৭৬ রান। ইন্দোরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট জোগাড় করার স্বপ্ন আপাতত সফল হচ্ছে না ভারতের।
ভারতের প্রথম ইনিংসে ১০৯ রানের জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছিল ১৫৪/৪। দ্বিতীয় দিন সকালে ভাল শুরু করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন। ৭১ তম ওভারে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। তুলে নেন হ্যান্ডসকম্বকে (১৯)। পরের ওভারে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হন গ্রিন (২১)। এরপর ধস নামে অস্ট্রেলিয়া ইনিংসে। পরপর ফিরে যান মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মারফি (০) ও নাথান লায়ন (৫)। ১৯৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ১১ রানে শেষ ৫ উইকেট হারায় অসিরা। ১২ রানে ৩ উইকেট তুলে নেন উমেশ যাদব। অন্যদিকে ৪৪ রানে ৩ উইকেট পান রবিচন্দন অশ্বিন। ৭৮ রানে ৪ উইকেট রবীন্দ্র জাদেজার।
৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারতের রান ছিল ৪ ওভারে ১৩/০। মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। ফিরে যান শুভমান গিল। ৫ রান করে লায়নের বলে তিনি বোল্ড হন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা। আবার ভারতীয় ইনিংসে আঘাত হানেন লায়ন। তুলে নেন রোহিতকে (৩৩ বলে ১২)।
বিরাট কোহলি ভাল শুরু করেছিলেন। কুহনেম্যানের বল ব্যাকফুটে পুল করতে গিয়ে পায়ে লাগিয়ে এলবিডব্লিউ হন কোহলি (১৩)। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জাদেজা (৭)। লায়নের বলে তিনি এলবিডব্লিউ হন। ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শ্রেয়স আয়ার। কিন্তু বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ২৭ বলে ২৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন শ্রেয়স। শ্রীকর ভরতও (৩) দলকে নির্ভরতা দিতে পারেননি।
একপ্রান্তে পরপর উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রাখেন পুজারা। অশ্বিনের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অশ্বিনকে (১৬) তুলে নিয়ে জুটি ভাঙেন লায়। ৫০ রানের মাথায় কুহনেম্যানের বলে জীবন পান পুজারা। কভারে তাঁর ক্যাচ তালুবন্দী করেও ধরে রাখতে পারেননি লাবুশেন। অবশেষে ৫৭ ওভারের মাথায় পুজারার যাবতীয় প্রতিরোধ ভেঙে দেন লায়ন। তাঁর বলে লেগ স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন পুজারা (৫৯)। এক বল পরেই উমেশকেও (০) তুলে নেন লায়ন। মহম্মদ সিরাজও (০) তাঁর শিকার। শেষ পর্যন্ত ১৬৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
❤ Support Us








