- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৮, ২০২২
এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত, জানিয়ে দিলেন জয় শাহ
সামনের বছর একদিনের বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। আইসিসি–র সূচিতে তেমনই উল্লেখ আছে। দীর্ঘদিন পর আবার ভারতের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর সচিব জয় শাহ পরিস্কার জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত।
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, সামনের বছর দলকে এশিয়া কাপে খেলতে পাঠানোর আপত্তি নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। বোর্ডের এক কর্তা জানান, সরকারের সবুজ সংকেত পেলেই পাকিস্তানে দল পাঠানো হবে। মঙ্গলবার জয় শাহ পরিস্কার বোর্ডের অবস্থান জানিয়ে দিলেন। পাকিস্তান থেকে যে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হবে, সেকথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।
বোর্ডের বার্ষিক সাধারন সভার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ বলেন, ‘আগামী বছর নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে আমি এই ঘোষণা করছি। কারণ, আমরা পাকিস্তানে খেলতে যেতে পারি না। আবার পাকিস্তানও এদেশে খেলতে আসতে পারে না। নিরপেক্ষ জায়গায় আগেও এশিয়া কাপ হয়েছে। সামনের বছরও হবে।’ ২০২৩ সালের এশিয়া কাপের পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানে হওয়ার কথা। এখন দেখার এশিয়া কাপ নিরপেক্ষ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কী করে।
কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা আশা প্রকাশ করেছিলেন, এশিয়া কাপে ভারত হয়তো পাকিস্তানে খেলতে যাবে। কিন্তু এদিন জয় শাহ তাঁর সেই আশায় জল ঢেলে দিলেন। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত শেষবার পাকিস্তানে গিয়েছিল ২০০৫–০৬ মরশুমে। ২০১২–১৩ মরশুমে পাকিস্তান ভারতে এসেছিল তিনটি টি ২০ আন্তর্জাতিক ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলতে। তারপর থেকে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া কোথাও এই দুই দেশ ক্রিকেটে পরস্পরের মুখোমুখি হয়নি।
❤ Support Us








