Advertisement
  • বি। দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ধার ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত দেহ, পলাতক প্রেমিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ধার ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত দেহ, পলাতক প্রেমিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বছরের শুরুতেই আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিকিতা গডিশালা (২৭)। গত ৩১ ডিসেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। কয়েক দিনের অনুসন্ধানের পর গত ৩ জানুয়ারি একটি অ্যাপার্টমেন্ট থেকে নিকিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিকিতা মেরিল্যান্ডের এলিকট সিটিতে থাকতেন। পেশায় তিনি একজন ডেটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন। তদন্তে নেমে পুলিশ নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার বিরুদ্ধে সন্দেহ দানা বাঁধে। অভিযোগ, নিকিতাকে পরিকল্পিত ভাবে কুপিয়ে খুন করা হয়েছে। তাঁর শরীরে ছুরি দিয়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২ জানুয়ারি। ওই দিনই অর্জুন শর্মা নিজে পুলিশের কাছে গিয়ে নিকিতার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর শেষবার নিকিতাকে তাঁর অ্যাপার্টমেন্টে দেখেছিলেন। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযোগ দায়েরের পরদিন, অর্থাৎ ৩ জানুয়ারি, পুলিশ অর্জুনের ওই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায়। সেখান থেকেই নিকিতার দেহ উদ্ধার হয়।

তদন্তকারীদের দাবি, যে দিন অর্জুন নিখোঁজ ডায়েরি করেছিলেন, সেই রাতেই তিনি একটি ফ্লাইটে করে আমেরিকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন। এর পরই অর্জুনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন পুলিশ। তাঁকে খুঁজে বের করে গ্রেফতারির জন্য স্থানীয় পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

এদিকে, আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি, পরিবারকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও দূতাবাসের তরফে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!