- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২৩, ২০২৫
আয়ারল্যান্ডে বিবস্ত্র করে ভারতীয়কে প্রহার বর্ণবাদীদের
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক ভারতীয়কে বিবস্ত্র করে বেদম প্রহার করেছে একদল আক্রমণকারী। ৪০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে শিশুদের সঙ্গে খারাপ আচরণ করার মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটে ১৯ জুলাই সন্ধেয়। ডাবলিনের টালাঘট শহরতলিতে একদল যুবক ওই ভারতীয় নাগরিকের ওপর হামলা চালায় এবং তাঁকে মারধর করে। আক্রমণকারীরা তাঁর প্যান্ট খুলে ফেলে। ওই ব্যক্তির মুখ, হাত এবং পায়ে একাধিক জায়গায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে টালাঘট বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। ২০ জুলাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আইরিশ জাতীয় পুলিশ গার্ডার মতে, আক্রমণকারীরা মিথ্যা দাবি করেছিল যে, ওই ভারতীয় ব্যক্তি শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেছে। সেই দাবি অতি ডানপন্থী এবং অভিবাসন বিরোধী অনলাইন অ্যাকাউন্টগুলির মাধ্যমে আরও জোরদার করা হয়েছিল। তবে, গার্ডা ওই ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আইরিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ টালাঘটের গার্ডাকে ১৯ জুলাই শনিবার সন্ধে ৬টার দিকে ডাবলিনের ২৪ নম্বর টালাঘটের পার্কহিল রোডে একটা ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছিল। গার্ডা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ৪০ বছর বয়সী একজন ভারতীয় ব্যক্তিকে আহত অবস্থায় টালাঘট বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। গার্ডা এই ঘটনার তদন্ত শুরু করেছে।’ তদন্তকারীদের মতে সম্প্রতি টালাঘট এলাকায় কিছু আক্রমণকারী বিদেশীদের ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে।
সম্প্রতি, আইরিশ বিচারমন্ত্রী জিম ও’ক্যালাগান বলেছেন যে, বিদেশী নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা অপরাধের অভিযোগ আনার ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি বলেন, ‘ক্রমবর্ধমান হারে অভিবাসীদের ওপর দোষারোপ করতে শুনেছি। আমি পরিসংখ্যান চেয়েছি। অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের যোগ্য শাস্তি দেব। কারাগারের বন্দীদেক দিকে যদি তাকান, দেখবেন অভিবাসীদের শতাংশ সমাজের অভিবাসীদের শতাংশের তুলনায় কম। সুতরাং এই ধারণার কোনও ভিত্তি নেই যে অভিবাসীরা ফৌজদারি অপরাধে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি।’
আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র ভারতীয় ব্যক্তির সাথে জড়িত ঘটনার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘একটা কথিত আক্রমণ কীভাবে এত ভয়াবহ আঘাত এবং রক্তপাতের কারণ হতে পারে? আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’ প্রত্যক্ষদর্শী এক আইরিশ মহিলা বলেছেন, ‘বর্ণবাদী দল ওই ভারতীয় ব্যক্তির ব্যাঙ্কের কার্ড, ফোন, জুতো কেড়ে নেয়। প্যান্ট খুলে বেদম মারধর করে। আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি ১৩ জন কিশোর, যার মধ্যে একজন মহিলাও ছিল, ওই লোকটিকে ঘিরে ধরেছে। লোকটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ রক্তে ভেসে যাচ্ছে। তাঁকে বেত্রাঘাতও করা হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল প্রকাশ্য দিবালোকে।’
মহিলাটি আরও বলেন, ‘লোকটি সাহায্যের জন্য আবেদন করেছিলেন। আমিই তাঁর প্রাথমিক চিকিৎসা করি এবং নিজেকে ঢেকে রাখার জন্য একটা কম্বল দিয়েছিলাম। তারপর পুলিশ এবং অ্যাম্বুলেন্সে ফোন করি। লোকটি আমাকে তাঁর নাম, ফোন নম্বর এবং ভারতে তাঁর পরিবারের ঠিকানা দেন।’ তিনি এই গ্যাং সম্পর্কে সতর্ক করে বলেন, ‘এর সদস্যরা আশেপাশের এলাকায় ঘুরে বেড়ায় এবং মানুষের মুখে ছুরিকাঘাত করে। গত চার দিনে এই কিশোররা চারজন ভারতীয় পুরুষের মুখে ছুরিকাঘাত করেছে।’
❤ Support Us






