Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৭, ২০২৩

আগন্তুকের সহায়তায় খেলনা ফিরিয়ে শিশুর শখপূরণ রেলের

আরম্ভ ওয়েব ডেস্ক
আগন্তুকের সহায়তায় খেলনা ফিরিয়ে শিশুর শখপূরণ রেলের

শিশুর শৈশবের সঙ্গে খেলনা অবিচ্ছেদ্যভাবে জড়িত। আর শিশুর  সেই খেলনা ফিরিয়েই মানবিকতার এক অনন্য নজির গড়ল ভারতীয় রেল।

ঘটনার সূত্রপাত বুধবারে।ওইদিন রেলের ১৩৯ হেল্পলাইন নাম্বারে একটি ফোন আসে। আগন্তুক জানান যে আগরতলা-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের বি-২ কোচে এক দম্পতি তাদের ১৯ মাস বয়সের শিশু কে নিয়ে উঠেছিলেন। ট্রেন চলাকালে শিশুটি একটি খেলনা গাড়ি নিয়ে ট্রেনের মধ্যে খেলা করছিল। কিন্তু ট্রেন যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামে তখন বাবা মা শিশুটিকে নিয়ে নেমে গেলেও তার খেলনা ট্রেনের কোচেই থেকে যায়। শিশুটিকে তার প্রিয় খেলনা ফিরিয়ে আগন্তুক অনুরোধ করেন রেলের আধিকারিকদের । রেল পুলিশ আধিকারিকরা পরে তার নম্বরের সূত্র ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি ওই দম্পতির নাম ঠিকানা বলতে পারেননি।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে এই খেলনা ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি খুব সহজ ছিল না। প্রথমেই দরকার ছিল খেলনাটি কোথায় রয়েছে তা জানা। সেজন্য তারা ট্রেনটির লাইভ লোকেশন ট্র্যাক করেন। আর জানতে পারেন ট্রেনটি নিউ জলপাইগুড়িতে রয়েছে। সেখান থেকে স্থানীয় রেল কর্তৃপক্ষের সহায়তায় ট্রেনের মধ্যে থাকা অন্য রেল যাত্রীদের কাছে থেকে খেলনাটি তারা সংগ্রহ করেন। এবার ছিল তা ফিরিয়ে দেওয়ার পালা। রেল পুলিশ  সূত্রে খবর, দম্পতি  টিকিট কেটেছিলেন সেকেন্দ্রাবাদ থেকে। ফলে  পুলিশ তখন সেকেন্দ্রাবাদ রেলকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই দম্পতির রিজার্ভেশন টিকিটের স্লিপ যোগাড় করেন যা থেকে জানতে পারেন তাদের নাম, ঠিকানা ফোন নম্বর ইত্যাদি। এই তালিকা যাচাই করে জানা যায় দম্পতি যুগলের নাম মোহিত রাজা ও নাসরিন বেগম । উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ির বাসিন্দা তারা। যোগাযোগের সব ব্যবস্থা করে নিয়ে রেলের আধিকারিকদের একটি দল পৌঁছে যান শিশুটির বাড়ি। ফিরিয়ে দেন তার সাধের খেলনা।

শিশুটির পিতা রেল কর্তৃপক্ষের এই মহানুভবতায় রীতিমত আপ্লুত। সংবাদ সূত্রে খবর তিনি এই খেলনা হারানোর জন্য কোনো অভিযোগও কোথাও করেনি। কারণ তিনি মনে করেছিলেন এই সামান্য বিষয়টিকে কেউ গুরুত্ব দেবে না। কিন্তু রেল যে উদ্যোগ নিয়ে তৎপরতার সঙ্গে তাঁর শিশুর অত্যন্ত প্রিয় খেলনাটি ফিরিয়ে দিল তাঁর জন্য ধন্যবাদ জানিয়েছেন আরপিএফের দলটিকে। ভারতীয়  রেলের প্রতীক ভোলু বরবারই ছোটো  শিশুদের কাছে একটা গভীর আকর্ষণের বিষয় ছিল। আজ সেরকমই এক নিষ্পাপ  শিশুর হারিয়ে যাওয়া  প্রিয় খেলনা ফিরিয়ে দিয়ে  নিজেদের  জনদরদী   ভাবমূর্তি বজায় রাখল ভারতীয় রেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!