- বি। দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
ওয়াশিংটনে ফের গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র । গত একবছরে এই নিয়ে নিহত ১৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাভিনিউয়ে হায়দরাবাদের ২৬ বছর বয়সি এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ছাব্বিশের যুবক রবি তেজা হায়দ্রাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তেজা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন রবি। পড়াশোনার পাশাপাশি ক্যুরিয়র ডেলিভারির কাজ করতেন তিনি। পড়াশোনার শেষে ওই দেশেই স্থায়ী চাকরি খুঁজছিলেন তিনি। তেজার বাবা কৈদা চন্দ্র মৌলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে খবর পেয়েছি যে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কাউকে যেন এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। অনেক আশা নিয়ে সে আমেরিকায় গিয়েছিল এবং দ্যাখো কী অবস্থায় সে ফিরছে’ – মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে নিহত ছাত্রের পরিবারের সদস্যরা।
ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকায় ভারতীয় দূতাবাস। তাঁদের তরফে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। নিহত ছাত্রের পরিবারের পাশে সবরকম ভাবে থাকা হবে বলেও জানিয়েছেন ভারতীয় দূতাবাস।
কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছে, বিদেশে ভারতীয় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার। কেন ভারতীয় বিদেশমন্ত্রক এই ঘটনায় চুপ কেন ? ভারতীয় ছাত্রদের সুরক্ষা সুনিশ্চিত ক্রতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? পোস্টে আরো বলা হয়েছে, মোদির নেতৃত্বে, ভারতীয় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। যারা উন্নত শিক্ষা ও সুযোগের জন্য স্বদেশ ত্যাগ করছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে সরকার অদ্ভুত উদাসীন। বিদেশে অধ্যয়নরত আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আমরা সরকারের উপযুক্ত পদক্ষেপের দাবি করছি!”
আমেরিকার মাটিতে ভারতীয় ছাত্রদের উপর হামলা নতুন নয়। শুধু ২০২৪ সালেই ১২টি ঘটনা সামনে এসেছিল। গত ৩০ নভেম্বর তেলেঙ্গানার খাম্মাম জেলার ২২ বছর বয়সি পড়ুয়া সাই তেজা নুকারাপু মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে একটি গ্যাস স্টেশনে নিহত হন। গত বছরেই জর্জিয়ার আটলান্টাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিলেন অন্ধপ্রদেশের গোপীকৃষ্ণা।
❤ Support Us








