- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ২৯, ২০২৫
৪ দিন নিখোঁজ থাকবার পর, কানাডায় উদ্ধার পাঞ্জাবের আপ-নেতার মেয়ের নিথর দেহ
কানাডায় ফের ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু। নিহত পড়ুয়ার নাম বনশিকা সাইনি। তিনি পাঞ্জাবের আপ নেতা দেবেন্দর সিংয়ের মেয়ে। জানা যাচ্ছে, বংশীকা ২ বছর আগে কানাডার অটোয়াতে যান একটি ডিপ্লোমা কোর্স করার জন্য। অটোয়ার ভারতীয় হাই-কমিশন এই মৃত্যুর খবর সুনিশ্চিত করে শোকপ্রকাশ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। ওটোয়া পুলিশ সূত্রে খবর, অটোয়া হিন্দি কমিউনিটির চিঠি অনুযায়ী, ২৫ এপ্রিল, শুক্রবার রাত ৯ টা নাগাদ ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন নিহত ওই পড়ুয়া। সেদিন রাত ১১ টার পর তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন গুরুত্বপূর্ণ পরীক্ষাও দেননি তিনি। এরপর তাঁর বন্ধু আর সহপাঠীদের মনে সন্দেহ জাগে। পরিবার আর বন্ধুরা প্রচুর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।
অটোয়া পুলিশ দফতরকে তদন্তে গতি আনার আবেদন জানিয়ে ওই চিঠিতে আরো লেখা হয়, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং খারাপ কিছুর আশঙ্কা করছি। প্রতি মুহূর্তে উদ্বেগ আরো বাড়ছে। পরিস্থিতির জটিলতা ও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে আমরা আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ এবং বিশেষ নজরদারির জন্য বিনীত অনুরোধ করছি। আমরা অনুরোধ করছি অটোয়া পুলিশ যেন এই মামলাটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করে। দ্রুত ও সঠিক পদক্ষেপ বংশীকাকে অক্ষত অবস্থায় ফেরত আনতে পারে। নিখোঁজ হবার ৪ দিন পর, সোমবার ওটইয়াতেই মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তদন্তকারী কর্মকর্তারা। ভারতীয় পড়ুয়াদের উপর ক্রমাগত হামলা আর মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়েছে কানাডা পুলিশ-প্রশাসনের কপাল। ঘটনার তদন্ত চলছে।
কানাডার ভারতীয় দূতাবাস তাদের বিবৃতিতে লিখেছে, ‘ওটাওয়ায় ভারতীয় পড়ুয়া বংশীকা সিং-এর মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ওটাওয়ার স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি। তাঁদের সঙ্গে যোগাযোগও রাখছি।’ কানাডার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বংশীকার মৃতদেহ একটি সমুদ্রতটে পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলতে আছে। পরিবার সদস্যদের সন্দেহ, ঘটনায় কোনো দুর্ঘটনা বা অপরাধ জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, কানাডায় ভারতীয়দের উপর হামলার বিষয়ে নয়াদিল্লই বারবার অভিযোগ জানিয়ে আসছে। গত কয়েকমাসে কানাডাতে ভারতীয় হিন্দুদের খালিস্তানপন্থীরা লাগাতার টার্গেট করছে বলেও অভিযোগ উঠেছিল। সম্প্রতি, প্রকাশ্য দিনের আলোয় কানাডায় পাঠ্যরত ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়া , হরসিমরাত রণধাওয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। হরসিমরাত ছিলেন অন্টারিওর হ্যামিলটনে অবস্থিত মোহক কলেজের শিক্ষার্থী। গত ডিসেম্বরে কানাডার এডমন্টনে নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত এক ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরে, কানাডায় এক সপ্তাহের মধ্যে ৩ ভারতীয় ছাত্রের খুনের ঘটনায় নিরাপত্তা বিষয়ে বড়োসড়ো প্রশ্ন উঠেছিল। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডা সরকারের কাছে বিষয়টি তুলে ধরবার জন্য ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে ৪,০০,০০০ এরও বেশি ভারতীয় ছাত্র সেখানে পড়াশোনা করছে। লাগাতার খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভুগছেন কানাডা-প্রবাসী ভারতীয়রা।
❤ Support Us






