Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৯, ২০২৩

‌সিরাজের কাছে দলের তথ্য চেয়ে ফোন !‌ গ্রেপ্তার হায়দরাবাদের ড্রাইভার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সিরাজের কাছে দলের তথ্য চেয়ে ফোন !‌ গ্রেপ্তার হায়দরাবাদের ড্রাইভার

ভারতীয় ক্রিকেটে এখনও রমরমিয়ে চলছে বেটিং। অস্ট্রেলিয়ার ভারত সফর চলাকালীন রহস্যজনক ফোন পেয়েছিলেন ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজ। তিনি সেই ফোনের কথা সঙ্গে সঙ্গে জানান ভারতের  দুর্নীতিদমন শাখাকে। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।
এই বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় সিরাজের কাছে তাঁর দলের অভ্যন্তরীণ খবর চেয়েছিলেন এক ব্যক্তি। সেই অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পেয়ে পেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন শাখাকে জানিয়েছিলেন সিরাজ। ওই ব্যক্তি বেটিংয়ে প্রচুর অর্থ হারিয়ে নিছক হতাশা থেকেই সিরাজকে ফোন করেছিলেন। ফোন করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের নানাবিধ তথ্য জানার চেষ্টা করেন। ওই ব্যক্তি অবশ্য  কোনও বুকি নন, হায়দরাবাদের এক অটো ড্রাইভার। বেটিংয়ে প্রচুর অর্থ খুইয়ে মরিয়া হয়ে সিরাজকে ফোন করেন।

এস শ্রীসন্থ, অঙ্কিত চবন, অজিত চাণ্ডিলার মতো ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আইপিএল চলাকালীন গ্রেপ্তার হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন কর্ণধার গুরুনাথ মেয়াপ্পনও ম্যাচ গড়াপেটায় জড়িতে থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকেও নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনার পর থেকেই দুর্নীতিদমন শাখাকে আরও মজবুত করা হয়। যদি কেউ সন্দেহজনক কার্যকলাপ গোপন রাখেন তাহলে, শাস্তির বিধান রয়েছে। বুকিদের কার্যকলাপ দুর্নীতিদমন শাখার কাছে গোপন রাখার জন্য সাকিব আল হাসানকে নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। সংবাদ মাধ্যমের দাবি, আইপিএল শুরুর আগে ফোন পেয়েছিলেন সিরাজ।

চলতি আইপিএলে প্রতিটা ম্যাচেই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১ রানে ১ উইকেট, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৪ রানে ১টি, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২ রানে ৩টি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৩ রানে ২টি এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩০ রানে ১টি উইকেট নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!