Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১০, ২০২৩

সূর্যর তেজে পুড়ে ছাই বেঙ্গালুরু, ৬ উইকেটে জিতে তিন নম্বরে মুম্বই

আরম্ভ ওয়েব ডেস্ক
সূর্যর তেজে পুড়ে ছাই বেঙ্গালুরু, ৬ উইকেটে জিতে তিন নম্বরে মুম্বই

শুরুর দিকে একের পর এক ব্যর্থতা। প্লে অফের ছাড়পত্র পাবে কিনা তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দুর্দান্ত প্রত্যাবর্তন। একের পর এক ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিল ৬ উইকেটে। একই সঙ্গে ১১ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে উঠে এল তৃতীয় স্থানে। ৩৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে মুম্বইয়ের জয়ের রাস্তা পরিস্কার করে দেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ১৯৯/‌৭। জবাবে ১৬.‌৩ ওভারে ২০০/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই।
এদিন ঘরের মাঠে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই। প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌১)‌ তুলে নেন বেহেরনডর্ফ। এক ওভার পরে অনুজ রাওয়াতকেও (‌৬)‌ ফেরান তিনি। এরপর পাল্টা আক্রমণ শানান ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের জুটিতে ওঠে ১২০ রান। ১৩ তম ওভারে ম্যাক্সওয়েলকে (‌৩৩ বলে ৬৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন বেহেরনডর্ফ। মহীপাল লোমরোর (‌১)‌ রান পাননি। ১৫তম ওভারের প্রথম বলে ডুপ্লেসিকে ফেরান ক্যামেরণ গ্রিন। ৪১ বলে ৬৫ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৯/‌৬ তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেদার যাদব ১০ বলে ১, ওয়ানিন্দু হাসারাঙ্গাও ৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ৩৬ রানে ৩ উইকেট নেন বেহেরনডর্ফ।
জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল মুম্বই। ওপেনিং জুটিতে ওঠে ৫১। শুরু থেকেই ঝড় তুলেছিলেন ঈশান কিশান। ওয়ানিন্দু হাসারাঙ্গা তাঁর ঝড় থামিয়ে দেন। পঞ্চম ওভারে হাসারাঙ্গার চতুর্থ বলে আউট হন ঈশান কিশান। ২১ বলে ৪২ রান করেন তিনি। ১ বল পরেই রোহিত শর্মাকেও (‌৭)‌ তুলে নেন হাসারাঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাটে রানের খরা অব্যাহত।
তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব এদিন জ্বলে ওঠেন। নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে মুম্বইকে এগিয়ে নিয়ে যান। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ৬৫ বলে ওঠে ১৩৯ রান। এই জুটিই মুম্বইকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮৩ রান করে বিজয়কুমার ভিশাকের বলে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন সূর্যকুমার। তাঁর ইনিংসে রয়েছে ৭টি ৪ ও ৬টি ৬। সূর্য আউট হওয়ার পর মুম্বইকে জয় এনে দেন নেহাল ওয়াধেরা। ৩৪ বলে ৫২ রান করে তিনি অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন হাসারাঙ্গা ও বিজয়কুমার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!