Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৬, ২০২৫

ক্লাসেনের তাণ্ডব, হায়দরাবাদের কাছে ১১০ রানে লজ্জার হার, ৮ নম্বরে শেষ করল নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্লাসেনের তাণ্ডব, হায়দরাবাদের কাছে ১১০ রানে লজ্জার হার, ৮ নম্বরে শেষ করল নাইট রাইডার্স

উদ্বোধনী ম্যাচে ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দারুণভাবে আইপিএল শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই দলেরই কিনা শেষ ম্যাচে লজ্জার হার। হেনরিখ ক্লাসেনের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেল নাইটরা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে বিধ্বস্ত হয়ে আইপিএল অভিযান শেষ করল নাইট রাইডার্স। হায়দরাবাদের ২৭৮/‌৩ রানের জবাবে ১৬৮ রানে গুটিয়ে যায় নাইটরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই তাণ্ডব চালান দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ওপেনিং জুটিতে ৬.‌৫ ওভারে ওঠে ৯২। সুনীল নারাইনের বলে অভিষেক (‌১৬ বলে ৩২)‌ ফিরে যাওয়ার পর হেডের সঙ্গে তাণ্ডবলীলায় যোগ দেন হেনরিখ ক্লাসেন। ৪০ বলে ৭৬ রান করে আউট হন হেড। তিনিও নারাইনের শিকার।
হেড আউট হওয়ার পর ক্লাসেনের তাণ্ডব আরও বেড়ে যায়। তাঁর ব্যাটের ঝড়ে দিশেহারা সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, আনরিখ নোখিয়েরা। শেষ পর্যন্ত মাত্র ৩৯ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। মারেন ৭টি চার ও ৯টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ২৭৮/‌৩ তোলে হায়দরাবাদ। এটাই আইপিএলে তৃতীয় সর্বোচ্চ স্কোর। প্রথম দুটি সেরা স্কোরের মালিকও হায়দরাবাদ। গতবছর করেছিল ২৮৭। আর এই বছরই তুলেছিল ২৮৬।
২৭৮ রান তাড়া করে জেতা রীতিমতো অসম্ভব, নাইট রাইডার্সেরও পক্ষে সম্ভব হয়নি। ১৮.‌৪ ওভারে গুটিয়ে গেল ১৬৮ রানে। বেশ কয়েকটা ম্যাচের পর এদিল সুযোগ পেয়েও ব্যর্থ কুইন্টন ডিকক (‌১৩ বলে ৯)‌। সুনীল নারাইন করেন ১৬ বলে ৩১। সর্বোচ্চ রান এল মণীশ পাণ্ডের (‌২৩ বলে ৩৭)‌ ব্যাট থেকে। একসময় ১১০ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল নাইটদের। অজিঙ্কা রাহানে (‌৮ বলে ১৫)‌, অঙ্গকৃষ রঘুবংশী (‌১৮ বলে ১৪)‌, রিঙ্কু সিং (‌৬ বলে ৯)‌, আন্দ্রে রাসেলরা (‌০) ব্যর্থ।‌ শেষ দিকে হর্ষিত রানা (‌২১ বলে ৩৪)‌ রুখে না দাঁড়ালে আরও লজ্জার মুখে পড়তে হত নাইট রাইডার্সকে। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করল নাইটরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!