- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৯, ২০২৫
রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে প্লেঅফের আরও কাছে পৌঁছে গেল পাঞ্জাব কিংস
প্লেঅফের আশা আগেই শেষ হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের। তাদের কাছে ম্যাচের গুরুত্ব না থাকলেও পাঞ্জাব কিংসের কাছে ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। প্লেঅফের সম্ভাবনা আরও জোরালো করতে জেতাটা জরুরি ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে ১০ রানে হারিয়ে প্লেঅফের রাস্তা অনেকটাই পরিস্কার করে ফেলল পাঞ্জাব। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে উঠে এল তৃতীয় স্থানে।
প্লেঅফের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। শুরুতেই ধাক্কা। ম্যাচের দ্বিতীয় ওভারে প্রিয়াংশ আর্যকে (৭ বলে ৯) তুলে নেন তুষার দেশপাণ্ডে। পরের ওভারেই মিচেল ওয়েনকে (০) ফেরান কোয়েনা মাফাকা। আইপিএলের এটাই ছিল অস্ট্রেলিয়ান ব্যাটার ওয়েনের প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচেই ব্যর্থ ওয়েন। তৃতীয় ওভারে প্রভসিমরন সিংকে (১০ বলে ২১) ফেরান তুষার দেশপাণ্ডে। ৩.১ ওভারের মধ্যেই ৩৪ রানে ৩ উইকেট হারায় পাঞ্জাব।
এরপর প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নেহাল ওয়াধেরা ও অধিনায়ক শ্রেয়স আয়ার। শ্রেয়স (২৫ বলে ৩০) সতর্কভাবে ইনিংস গড়ার দিকে মনোযোগ দেন। অন্য প্রান্তে ঝড় তোলেন নেহাল। ৩৭ বলে ৭০ রান করে আউট হন তিনি। শেষ ৪ ওভারে রীতিমতো ঝড় তুলে পাঞ্জাবকে ২১৯/৫ রানে পৌঁছে দেন শশাঙ্ক সিং (৩০ বলে অপরাজিত ৫৯) ও আজমাতুল্লাহ ওমরজাই (৯ বলে অপরাজিত ২১)।
জয়ের জন্য ২২০ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী ঝড় তুলেছিলেন। অর্শদীপ সিংয়ের প্রথম ওভারে ২২ রান নেন যশস্বী। পরের ওভারে মার্কো জানসেনের বলে ওঠে ১৭। ২টি ছক্কা ও ১টি চার হাঁকান বৈভব। ওয়াইড থেকে আসে ১ রান। পঞ্চম ওভারে বৈভবকে (১৫ বলে ৪০) তুলে নেন হরপ্রীত ব্রার। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৮৯/১ রানে পৌঁছে যায় রাজস্থান।
বৈভবকে তুলে নেওয়ার পর রাজস্থানের রান তোলার গতিতে রাশ টানেন হরপ্রীত। যশস্বীকেও (২৫ বলে ৫০) তুলে নেন তিনি। সঞ্জু স্যামসন (১৬ বলে ২০), রিয়ান পরাগ (১১ বলে ১৩), সিমরন হেটমায়েরদের (১২ বলে ১১) ব্যর্থতা চাপে ফেলে দেয় রাজস্থানকে। শেষদিকে ধ্রুব জুরেল (৩১ বলে ৫৩) চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি। ২০ ওভারে ২০৯/৭ রানে থেমে যায় রাজস্থান রয়্যালস। বাঁহাতি স্পিনার হরপ্রীত ব্রার দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট তুলে নেন।
❤ Support Us







