Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩০, ২০২৬

চূড়ান্ত বোলিং ব্যার্থতা, রোহিতের দাপটে প্রথম ম্যাচেই মুম্বইয়ের কাছে হার নাইট রাইডার্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
চূড়ান্ত বোলিং ব্যার্থতা, রোহিতের দাপটে প্রথম ম্যাচেই মুম্বইয়ের কাছে হার নাইট রাইডার্সের

আইপিএলের শুরু থেকেই রানের বন্যা। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০০–র বেশি রান করেও জয় অধরা থেকে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচেও সেই একই ছবি। আধুনিক টি২০ ক্রিকেটে ২০০ রানও যে নিরাপদ নয়, আবার প্রমান হয়ে গেল। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে ২২০ রান করেও জয় হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। রোহিত শর্মার ঝড়েই উড়ে গেল নাইটরা। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে সহজ জয় মুম্বইয়ের।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন নাইট রাইডার্সের দুই ওপেনার ফিন অ্যালেন ও অজিঙ্কা রাহানে। ৫.‌১ ওভারেই ওপেনিং জুটিতে ৬৯। টি২০ বিশ্বকাপে ইডেনের ঝড় মনে করিয়ে দিচ্ছিলেন অ্যালেন। কিন্তু এদিন ইনিংস দীর্ঘস্থায়ী করতে পারেননি। ১৭ বলে ৩৭ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন। নাইটদের অনেক প্রত্যাশা ক্যামেরন গ্রিনকে নিয়ে। নাইট জার্সি গায়ে প্রথম ম্যাচে দাগ কাটতে পারলেন না। ১০ সবলে ১৮ রান করে আউট হন।

আইপিএল শুরুর আগে অনেকের মনে রাহানেকে নিয়ে প্রশ্ন ছিল। এদিন অসাধারণ ব্যাটিং করে গেলেন নাইট অধিনায়ক। ধুমধারাক্কা ব্যাটিং নয়, ক্রিকেটীয় শট খেলে ৪০ বলে ৬৭ রান করে আউট হন রাহানে। তিনিও শার্দুলের শিকার। তরুণ অঙ্গকৃশ রঘুবংশী অবশ্য দুর্দান্ত ব্যাটিং করলেন। ২৯ বলে বলে ৫১ রান করে তিনি হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ২০ ওভারে নাইটরা ৪ উইকেটে তোলে ২২০।

২২১ রানের লক্ষ্য খুব একটা সহজ ছিল না মুম্বইয়ের কাছে। কিন্তু রোহিত শর্মার শাসনে দিশেহারা হয়ে পড়েন নাইট বোলাররা। রোহিত ও রায়ান রিকেলটনের ওপেনিং জুটিই মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেয়। রোহিত শর্মা যখন আউট হন মুম্বইয়ের রান তখন ১১.‌৫ ওভারে ১৪৮। ২৩ বলে হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৭৮ রান করে আউট হন। মারেন ৬টি করে ৪ ও ৬। নাইট রাইডার্সের বিরুদ্ধে আউপিএলে ৫০ নম্বর হাফ সেঞ্চুরি তুলে নিলেন রোহিত। স্পর্শ করলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানকে।
রোহিত আউট হওয়ার পর রায়ান রিকেলটন মুম্বইকে এগিয়ে নিয়ে যান। সূর্যকুমার যাদব ৮ বলে ১৬ রান করে আউট হন। তিনি আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান রিকেলটন। ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিকেলটন। তিলক ভার্মা ১৪ বলে ২০ রান করে আউট হন। ১১ বলে ১৮ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের নিলামের সময়ই মনে হয়েছিল বোলিং নিয়ে ভুগতে হবে নাইটদের। প্রথম ম্যাচে বাস্তবে তাই–ই হল। বরুণ চক্রবর্তীর রহস্য ব্যাটারদের কাছে ধরা পড়ে গেছে। এদিন ৪ ওভারে দিলেন ৪৮। কোনও উইকেট পাননি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না থাকায় ২৫.‌২০ কোটির অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের হাতে বলই দিতে পারেননি রাহানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!