Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৫, ২০২৬

শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলা, ২ শিশুসহ ৪ জন নিহত, গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ

আরম্ভ ওয়েব ডেস্ক
শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলা, ২ শিশুসহ ৪ জন নিহত, গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ

বেশ কিছুদিন ধরেই গাজায় অভিযান বন্ধ করা জন্য ইজরায়েলকে চাপ দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি পুনরায় যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করার জন্যও চাপ সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রয়াস সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত ইজরায়েলের। সোমবার ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। গাজা থেকে মানুষকে সরে যাওয়ার জন্য সতর্কও করেছে ইজরায়েল। দলে দলে মানুষ গাজা থেকে পালিয়ে যাচ্ছেন।  ওপর সাম্প্রতিক মার্কিন চাপ সত্ত্বেও এই হামলা অব্যাহত রয়েছে।

গাজার হাসপাতালের কর্তারা জানিয়েছেন, সোমবার গাজাজুড়ে ইজরায়েলি হামলা ও ট্যাঙ্কের গোলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সরে যাওয়ার সতর্কবার্তার পর বাসিন্দারা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাতে শুরু করলে এই ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে একটা মার্কিন প্রতিনিধিদল গাজায় ইজরায়েলকে হামলা কমানোর অনুরোধ জানানোর পর এই হামলা চালানো হল।

মধ্য গাজায় এলাকা খালি করার সতর্কবার্তার পর বুরেইজ শরণার্থী শিবিরের একটা ভবনে হামলা চালানো হয়। আওদা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, একটা পরিবার সময়মতো শরণার্থী শিবির থেকে বের হতে না পারায় ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তার মা ও বোন আহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজা এবং গাজা শহরে হামলার খবর পাওয়া গেছে। বাসিন্দাদের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৌড়তে, মায়েদের কোলে শিশুদের নিয়ে যেতে এবং অন্যদের হুইলচেয়ারে বা লাঠিতে ভর দিয়ে সরে যেতে দেখা গেছে। যুদ্ধের কারণে ইতোমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির কিছু অংশের ওপর দিয়ে ধোঁয়া উড়ছিল।

ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা জারির পর তারা গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে এবং দেইর আল–বালাহতে হামলা চালিয়েছে। তারা বলেছে, মসজিদের ভেতরে থাকা হামাসের দুটি অস্ত্রাগারকে তারা লক্ষ্যবস্তু করেছে। ইজরায়েলি সামরিক বাহিনী অবশ্য কোনও প্রমাণ দেয়নি। তবে বলেছে যে, ওই স্থানগুলোতে কয়েক ডজন কালাশনিকভ রাইফেল, ম্যাগাজিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল।

আল–আকসা হাসপাতালের তথ্যমতে, দেইর আল–বালাহতে একটা তাঁবুর ওপর ইজরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহটি সেখানেই নিয়ে যাওয়া হয়। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের বিশেষ বাহিনীর সঙ্গে যুক্ত এক জঙ্গিকে হত্যা করেছে। নাসের হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ গাজায় খান ইউনিসে ইজরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। একই হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পূর্বে ইজরায়েলি ট্যাঙ্কের গোলায় ১০ বছর বয়সী এক বালিকা নিহত হয়েছে। গত বছরের যুদ্ধবিরতি চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে এক মার্কিন প্রতিনিধিদল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার পর থেকে ইজরায়েল হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!