- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩১, ২০২৬
জিএসএলভি-এফ১৮/এনভিএস-০৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর
আরও একটা গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান সম্পন্ন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮/এনভিএস-০৩ উৎক্ষেপণ করল। রাত ১১:৫১ মিনিটে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এনভিএস-০৩ উপগ্রহটি সিস্টেমের নেভিগেশন ক্ষমতা বৃদ্ধি করবে। এটা ভারতীয় ভূখণ্ড এবং ভারতীয় ভূ–রাজনৈতিক সীমানার ১৫০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত এলাকাকে অন্তর্ভুক্ত করবে। ইসরো জানিয়েছে যে নেভিগেশন উপগ্রহ এনভিএস-০৩ সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাকাশযান ও উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে।
জিএসএলভি-এফ১৮ রকেট ইসরোর ২০তম সফল মহাকাশ অভিযান। এই অভিযানের মাধ্যমে এনভিএস-০৩ উপগ্রহটিকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (জিটিও) স্থাপন করা হবে। এনভিএস-০৩ হল ভারতের দ্বিতীয় প্রজন্মের ‘নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন’ (ন্যাভিক) সিরিজের তৃতীয় উপগ্রহ। এর উদ্দেশ্য হল নেভিক কনস্টেলেশনকে শক্তিশালী করা এবং নেভিগেশন পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করা। এই উপগ্রহটিতে দেশীয় এবং সংগৃহীত অ্যাটমিক ক্লক সংযুক্ত করা হয়েছে। এটা বর্তমান এল৫ এবং এস সিগন্যালের পাশাপাশি এল১ নেভিগেশন সিগন্যালও বহন করবে।
ন্যাভিক হল ভারতের স্বাধীন আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এটি ভারত এবং এর আশেপাশে ১৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে নির্ভুল অবস্থান, বেগ এবং সময় পরিষেবা প্রদান করে। ন্যাভিক দুই ধরনের পরিষেবা দেয়, স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস এবং রেস্ট্রিকটেড সার্ভিস। স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস সাধারণ ব্যবহারকারীদের জন্য, আর রেস্ট্রিকটেড সার্ভিস হল অনুমোদিত ব্যবহারকারীদের জন্য একট এনক্রিপ্টেড পরিষেবা। এই সিস্টেমটি পরিবহন এবং অবস্থানভিত্তিক পরিষেবাসহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সমর্থন করে।
ইসরো বর্তমান ন্যাভিক কনস্টেলেশনকে আরও শক্তিশালী করার জন্য পাঁচটি দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইটের পরিকল্পনা করেছে। এই সিরিজের প্রথম স্যাটেলাইট, এনভিএস-০১, ২০২৩ সালের ২৯ মে জিএসএলভি-এফ১২ মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। এই প্রথম কোন ভারতীয় নেভিগেশন স্যাটেলাইটে দেশীয় পারমাণবিক ঘড়ি ব্যবহার করা হয়। এনভিএস-০৩ এল১ সিগন্যাল অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই কনস্টেলেশনের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এই স্যাটেলাইটগুলির মাধ্যমে ইসরো ভারতের স্বাধীন আঞ্চলিক নেভিগেশন পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
ইসরো প্রধান ডঃ ভি নারায়ণন এই সফল উৎক্ষেপড়ের জন্য ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এই নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, দেশবাসী এবং এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত অংশীদারদের অভিনন্দন। জিএসএলভি এফ১৮ রকেটের সাহায্যে উপগ্রহটিকে নির্ভুলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইসরোর এই স্যাটেলাইটের সাহায্যে আগামী দিনে দেশবাসী দেশীয় নেভিগেশন এবং জিপিএস ব্যবহারের সুযোগ পাবেন।’ ইসরোর মতে, পরপর দুটি জিএসএলভি অভিযানের মধ্যে সর্বনিম্ন ৫৬ দিনের মধ্যে এই মিশনটি সম্পন্ন হয়েছে, যা এই অর্জনকে অত্যন্ত বিশেষ করে তুলেছে।
নারায়ণন আরও বলেন যে, এনভিএস-০৩-এর সাফল্য দেশের নেভিগেশন সিস্টেমকে (ন্যাভিক) তার সর্বনিম্ন কার্যক্ষমতায় (চারটি স্যাটেলাইট) ফিরিয়ে এনেছে। তিনটি স্যাটেলাইট ইতোমধ্যেই সফলভাবে কাজ করছিল। এখন, এনভিএস-০৩ পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং পরিষেবা পুনরুদ্ধারে সহায়ক হবে।’ তিনি ভবিষ্যৎ মিশন এবং গগনযান মিশনের প্রস্তুতি সম্পর্কেও ইতিবাচক তথ্য দিয়েছেন। বলেন, ‘বিজ্ঞানীরা গগনযান মিশনের জন্য নিষ্ঠার সাথে কাজ করছেন। ইসরো আগামী দিনে এনভিএস ০৪ এবং এনভিএস ০৫ উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে। উভয়ের প্রস্তুতিই উন্নত পর্যায়ে রয়েছে।’
এদিকে, এই মিশনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘জিএসএলভি-এফ১৮ রকেটে এনভিএস-০৩ উপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের আন্তরিক অভিনন্দন। এই অভিযান আমাদের দেশীয় স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ‘ন্যাভিক’-কে আরও শক্তিশালী করার পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ তিনি আরও লিখেছেন, ‘উন্নত সক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতা অর্জনের আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটা দেশের মানুষের জন্য অত্যাবশ্যকীয় দিকনির্দেশনা পরিষেবাকেও শক্তিশালী করবে। আমাদের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী ক্ষমতা জাতিকে ক্রমাগত গর্বিত করে চলেছে।’
❤ Support Us







