Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২০, ২০২৬

রাতভর সংঘর্ষ যাদবপুরে, বহিরাগতদের বিরুদ্ধে আগুন-ইটবৃষ্টির অভিযোগ! জমায়েতের ডাক বাম ছাত্র সংগঠনের, পাল্টা পথে এবিভিপি

আরম্ভ ওয়েব ডেস্ক
রাতভর সংঘর্ষ যাদবপুরে, বহিরাগতদের বিরুদ্ধে আগুন-ইটবৃষ্টির অভিযোগ! জমায়েতের ডাক বাম ছাত্র সংগঠনের, পাল্টা পথে এবিভিপি

বুধবার গভীর রাতে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (ফেটসু)-এর সাধারণ সভাকে কেন্দ্র করে প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত ব্যাপক সংঘর্ষ। ঘটনায় দু-পক্ষেরই বেশ কয়েক জন পড়ুয়া আহত হয়েছেন বলে দাবি সংগঠনগুলির। বিজেপি-এবিভিপির বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত ‘গুণ্ডা’ ঢুকিয়ে তাণ্ডবের অভিযোগ পড়ুয়াদের। রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকালেও বিশ্ববিদ্যালয় চত্বরে চাপা উত্তেজনা বজায় রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এবিভিপি এবং এসএফআই-ডিএসএফ সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এবিভিপির অভিযোগ, ফেটসুর সাধারণ সভার বিরোধিতা করায় পরিকল্পিত ভাবে তাদের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। সংগঠনের দাবি, প্রায় ৭০-৮০ জন এবিভিপি সমর্থককে লক্ষ্য করে হামলা চালানো হয়। আহতদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল দাস-সহ একাধিক পড়ুয়া রয়েছেন বলেও দাবি সংগঠনের। এবিভিপির আরও অভিযোগ, রাতের ঘটনায় তাদের অন্তত চার জন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংগঠনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও নির্দেশিকাও জারি হয়নি। সেই পরিস্থিতিতে ফেটসুর সাধারণ সভা ডাকার বৈধতা নিয়েই প্রশ্ন তোলে এবিভিপি। তাদের দাবি, ওই বৈঠকের প্রতিবাদ জানাতে গেলে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সমর্থকেরা তাঁদের উপর চড়াও হন।

অন্যদিকে, গোটা ঘটনার দায় এবিভিপির উপর চাপিয়েছে এসএফআই এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ, বাইরে থেকে লোকজন এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং কলা বিভাগের বামপন্থী পড়ুয়াদের তাড়া করে অরবিন্দ ভবনের ভিতরে আটকে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, অরবিন্দ ভবনের ভিতরে অন্তত ৩০ জন পড়ুয়া আশ্রয় নিয়েছিলেন। সে সময় ভবনের বাইরে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হয়। ভবনের ভিতরে থাকা পড়ুয়াদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগও উঠেছে। এমনকি ছাত্র সংগঠনের পতাকায় আগুন ধরিয়ে তা ভবনের ভিতরের দিকে ছোড়ার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছে এসএফআই। গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত বলে অভিযোগ তাদের।

এসএফআইয়ের বক্তব্য, ফেটসুর সাধারণ সভা চলাকালীন এবিভিপি এবং এনএসএফ ও এবিভিপির কয়েক জন সমর্থক সেখানে ঢুকে পড়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেন। তাঁদের মধ্যে নিখিল দাস এবং সোমসূর্য বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছে বাম ছাত্র সংগঠন। তাঁদের বিরুদ্ধে পড়ুয়াদের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগ তোলা হয়েছে। এসএফআইয়ের আরও দাবি, প্রথমে সামান্য বচসা হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আরও লোকজন ক্যাম্পাসে ঢুকে পড়েন। তাঁদের একাংশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত থেকেও যথাযথ পদক্ষেপ করেননি এবং পুলিশকে খবর দেওয়া হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে এসএফআই।

ঘটনার প্রতিবাদে এসএফআইয়ের তরফে বৃহস্পতিবার সকাল ১১টায় যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, দুপুর ১২টায় গোলপার্কে পাল্টা জমায়েতের ঘোষণা করেছে এবিভিপি। ফলে বৃহস্পতিবার ফের দুই পক্ষ মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর কথায়, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াশোনা, মতের আদানপ্রদান ও গণতান্ত্রিক বিতর্কের জায়গা। সেখানে সংঘর্ষ বা হিংসার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় বার বার অনভিপ্রেত কারণে সংবাদ শিরোনামে আসায় তিনি দুঃখপ্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন উপাচার্য। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলার পর শুক্রবার এ বিষয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। একই সঙ্গে পুলিশকে ইতিমধ্যেই ঘটনার কথা জানানো হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। এদিকে, যাদবপুরের সংঘর্ষের ঘটনা কলকাতা হাই কোর্টেও পৌঁছেছে। বৃহস্পতিবার এই ঘটনার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদনকারী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার রাতের ঘটনাটিকেও সেই মামলার সঙ্গে যুক্ত করে দ্রুত শুনানির আবেদন করা হয়। যদিও তাৎক্ষণিক শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত।

ঘটনার পর রাতেই যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। সংগঠনের কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী অভিযোগ করেন, বাম, অতিবাম ও নকশালপন্থী ছাত্র সংগঠনগুলির কর্মীরা এবিভিপি সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। তাঁর দাবি, এবিভিপি নেতা নিখিল দাসের উপর হামলা করে তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। ঘটনায় বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে যাদবপুরে ‘গণতান্ত্রিক ভাবে জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পাল্টা এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের অভিযোগ, আরএসএস, এবিভিপি এবং বিজেপির সঙ্গে যুক্ত লোকজন বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তা ও গণতান্ত্রিক পরিবেশকে আক্রমণ করার চেষ্টা করেছে। অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টা, পড়ুয়াদের উপর হামলার অভিযোগও তোলা হয়েছে। এসএফআইয়ের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির দীর্ঘদিনের গণতান্ত্রিক পরিসরকে কোনো ভাবেই বহিরাগত শক্তির মাধ্যমে বদলে দেওয়া যাবে না। ছাত্র সংসদ নির্বাচন হলে সংগঠনগুলির মধ্যে মতের লড়াই ভোটের মাধ্যমেই হওয়া উচিত বলেও মন্তব্য করেছে তারা।

অন্যদিকে, বুধবার রাতের ঘটনার প্রতিবাদে ২০ আগস্ট ‘ধিক্কার দিবস’-এর ডাক দিয়েছে ডিএসও। সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ, এবিভিপি এবং আরএসএসের একাংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়েছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা করেছে। তাঁর অভিযোগ, যাদবপুরের দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। সব মিলিয়ে, সাধারণ সভাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা রাতের অন্ধকারে বড় সংঘর্ষের চেহারা নেওয়ায় ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ছাত্ররাজনীতির পরিবেশ। দুই পক্ষের পাল্টা কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও পড়ুয়াদের।


  • Tags:
❤ Support Us
প্রেমের বিস্তার, হিংসায় শৃঙ্খল পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ইরফান হাবিবের ইতিহাস চিন্তা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
বৈদিক যুগ, এক পরিবর্তনের সময় ব | ই | চ | র্যা রোব-e-বর্ণ
error: Content is protected !!