- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩, ২০২৩
শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিনের সিরিজে মাঠে ফিরছেন যশপ্রীত বুমরা
নতুন বছরের শুরুতেই স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট দলের কাছে। অবশেষে ফিট হয়ে মাঠে নামতে চলেছেন দেশের সেরা জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যশপ্রীত বুমরাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুমরাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে।
গত বছর সেপ্টেম্বর থেকে পিঠে চোটের জন্য মাঠের বাইরে যশপ্রীত বুমরা। দীর্ঘদিন ধরেই তাঁকে পিঠের চোট সমস্যা ভোগাচ্ছিল। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে রাখা হলেও শেষ মুহূর্তে ছিটকে যান। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরার রিহ্যাব চলছিল। রিহ্যাবের পর তিনি এখন পুরোপুরি খেলার জায়গায় চলে এসেছেন। তাই তাঁকে দলে রাখা হয়েছে। খুব শীঘ্রই তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ।
এশিয়া কাপে তিনি খেলতে না পারলেও নির্বাচকরা চেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাকে একবার দেখে নিতে। তার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দলে রাখা হয়েছিল হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি খেলেছিলেন। কিন্তু আবার চোট পেয়ে তিনি দল থেকে ছিটকে যান। তখনই বুমরার সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়সহ এক বিবৃতিতে জানিয়েছেন, “খুব দ্রুত বুমরা ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ও এখন পুরোপুরি ফিট এবং খেলার মত অবস্থায় চলে এসেছে।” ১০ জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১২ ও ১৫ জানুয়ারি, কলকাতা ও তিরুবনন্তপুরমে।
❤ Support Us







