- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৯, ২০২৪
সাদিকুর বিতর্কিত গোলে সুপার কাপে শ্রীনিধির বিরুদ্ধে জয় মোহনবাগানের
হায়দরাবাদ এফসি–কে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। কলকাতার আর এক প্রধান মোহনবাগানও প্রথম ম্যাচে জয় পেল। ২–১ ব্যবধানে হারাল আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানকে। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। যদিও সাদিকুর জয়সূচক গোলটা নিয়ে বিতর্ক রয়েছে।
নিজেদের সীমাবদ্ধতার কথা ভেবে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায়নি মোহনবাগান সুপার জায়ান্টস। বরং শ্রীনিধি ডেকান বেশ কয়েকবার মোহনবাগান বক্সে হানা দেয়। ম্যাচের ১০ মিনিটে প্রথম আক্রমণ শানায় মোহনবাগান। ডানদিক থেকে দারুণ আক্রমণ তুলে নিয়ে এসে সেন্টার করেছিলেন জেসন কামিন্স। তাঁর সেই সেন্টার বিপদমুক্ত করেন গুরমুখ শিং। ১৫ মিনিটে ওভারল্যাপে উঠে এসে শ্রীনিধি গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন আশিস রাই। তাঁর সেই শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
শ্রীনিধি ডেকান অবশ্য পিছিয়ে ছিল না। তারাও সমানতালে আক্রমণ তুলে নিয়ে আসছিল। ১৭ ও ২১ মিনিটে দু’দুবার মোহনবাগান গোল লক্ষ্য করে শট শট নিয়েছিলেন লালরোমাউইয়া ও টুলুঙ্গা। দুটি শটই পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। অবশেষে ২৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় শ্রীনিধি। সুমিত রাঠি বক্সের মধ্যে লালরোমাউইয়াকে ফেলে দিলে পেনাল্টি পায় শ্রীনিধি। মোহনবাগান গোলকিপার আর্শকে উল্টোদিকে ফেলে গোল করেন উইলিয়াম আলভেজ।
সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। যদিও তিনকাঠি ভেদ করতে পারছিল না। পরপর তিনটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। অবশেষে ৩৯ মিনিটে জেসন কামিন্সের গোলে সমতা ফেরায়। সূর্যবংশীর শট প্রতিহত হয়ে ফিরে কামিন্সের কাছে আসে। আলতো ছোঁয়ায় ফাঁকা জালে বল ঠেলে দেন কামিন্স। সেই সময় শ্রীনিধি গোলকিপার মাটিতে পড়ে ছিলেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পরপর আক্রমণ শানায় সবুজমেরুন শিবির। ৬৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। আর্মান্দো সাদিকুর শট আটকে দেন শ্রীনিধি গোলকিপার। ৭১ মিনিটে সেই সাদিকুর গোলেই এগিয়ে যায় মোহনবাগান। হুগো বুমোসের লম্বা পাস ধরে এগিয়ে গিয়ে সেন্টার করেন আশিস রাই। ফাঁকায় দাঁড়ানো সাদিকু বল জালে পাঠান। এই গোল নিয়ে অবশ্য বিতর্ক থেকেই গেল। শ্রীনিধি ফুটবলাররা অফসাইডের আবেদন জানিয়েছিলেন। সহকারী রেফারি কর্ণপাত করেননি। ৮৬ মিনিটের মাথায় ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন অভিষেক সূর্যবংশী। ম্যাচের বাকি সময়টা ১০ জনে খেলতে হবে মোহনবাগানকে। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি শ্রীনিধি ফুটবলাররা।
❤ Support Us






