Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩০, ২০২৫

এফসি গোয়ার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
এফসি গোয়ার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের

লিগ–শিল্ড, আইএসএল জয়ের পর মোহনবাগান সমর্থকরা স্বপ্ন দেখেছিলেন সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট জয়ের। সেই স্বপ্ন অবশ্য পূরণ হল না। এফসি গোয়ার কাছে ৩–১ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিল মোহনবাগান সুপার জায়ান্ট।
দ্বিতীয় সারির দল নিয়ে সুপার কাপ খেলতে নেমেছিল মোহনবাগান। একমাত্র বিদেশি নুনো রেইস। কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। প্রথম দলের আশিক কুরুনিয়ান, দীপক টাংরির মতো কয়েকজন ছিলেন। অপর দিকে এফসি গোয়া পূর্ণ শক্তির দল নামিয়েছিল। প্রথম একাদশেই ছিলেন ৫ বিদেশি। এই রকম শক্তিশালী দলের বিরুদ্ধে জেতা সহজ ছিল না মোহনবাগানের। সেটাই ঘটল। রীতিমতো দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে পৌঁছে গেল ফাইনালে।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল এফসি গোয়ার। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন বোরহা ফহার্নান্ডেজ, ইকের গুয়ারেক্সেনা, বরিস সিংরা। কিন্তু গোল তুলে নিতে পারছিল না। ম্যাচের ২০ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেজ। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোয়া। ৩ মিনিট পরেই বাঁদিক থেকে উঠে এসে নীচু সেন্টার করেছিলেন আশিক কুরুনিয়ান। সেই বলে পা ছুইয়ে গোল করে সমতা ফেরান সুহেল ভাট। প্রথমার্ধের ফল ছিল ১–১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ধাক্কা মোহনবাগানের। নিজেদের বক্সের মধ্যে গোয়ার ইকেরকে ফাউল করেন বাগান গোলকিপার ধীরাজ সিং। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে গোয়াকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ইকের। ৫৮ মিনিটে মোহনবাগানের কফিনে শেষ পেরেক পোঁতেন বোরহা হার্নান্ডেজ। তাঁর কর্নার অনেকটা বাঁক খেয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। ৩–১ ব্যবধানে এগিয়ে যায় গোয়া। এরপর আর মোহনবাগানের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!