Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

মুম্বাইয়ের বদলে ‘বম্বে’ বলায় এমএনএসের কোপে কপিল শর্মা। তীব্র আন্দোলন-এর হুঁশিয়ারি

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বাইয়ের বদলে ‘বম্বে’ বলায় এমএনএসের কোপে কপিল শর্মা। তীব্র আন্দোলন-এর হুঁশিয়ারি

মুম্বাই শহরের নাম ‘বম্বে’ বলায় বেজায় চটেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। কপিল শর্মার নেটফ্লিক্স শো-তে অভিনেত্রী হুমা কুরেশির মুখে ওই নাম শোনার পর কড়া ভাষায় সতর্ক করলেন এমএনএস নেতা অমেয় খোপকর। জনপ্রিয় কৌতূক অভিনেতা, সঞ্চালক কপিল শর্মা ও তাঁর শো-এর প্রযোজক সংস্থা নেটফ্লিক্সকে ট্যাগ করে জানালো হলো, ‘এ বার আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে প্রবল আন্দোলনে নামবে এমএনএস।’

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, তাঁর ভাই সাকিব সেলিম এবং শেট্টি বোনেরা। কথাবার্তার ফাঁকে হুমা বলেন, ‘আমি বম্বে-র বাসিন্দা নই, কিন্তু ভাইয়ের সঙ্গে থাকলে এখানে বাড়ির মতো লাগে।’ এই ‘বম্বে’ উচ্চারণই উসকে দিয়েছে বিতর্ক। এমএনএসের মুখপাত্র অমেয় খোপকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গত ৩০ বছর ধরে শহরের নাম সরকারি ভাবে মুম্বাই। তা সত্ত্বেও এখনো বলিউডের সেলেব, দিল্লির সাংসদ, অনুষ্ঠান উপস্থাপক এমনকি হিন্দি সিনেমাতেও নিয়মিত ভাবে ‘বম্বে’ শব্দটি ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্র সরকার মুম্বাই নামটি স্বীকৃতি দেয়। চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার আগেই এ নাম বদল হয়েছে। তাই এটা শুধু অনুরোধ নয়, এক ধরনের হুঁশিয়ারিও— মুম্বাইকে মুম্বাই বলেই সম্মান করুন। ‘বম্বে’ বলার প্রবণতা বন্ধ করুন।’ নেটফ্লিক্স ও কপিল শর্মাকে ট্যাগ করা পোস্টে এমএনএসের তরফে বলা হয়, ‘শো চলাকালীন অতিথি হোন বা সঞ্চালক কাউকে যেন ‘বম্বে’ বলার অনুমতি যাতে না দেওয়া হয়। শো শুরু হওয়ার আগেই এ বার্তা পৌঁছে দেওয়া হোক।’

শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও হুঁশিয়ারি দেন খোপকর। বলেন, ‘কপিল বহু বছর ধরে মুম্বাইতে কাজ করছেন। এ শহর আপনার কর্মভূমি। এ শহরের মানুষ আপনাকে ভালবাসে। তাই শহরের অপমান করবেন না। ভুল শুধরে নিন। নইলে আমরা রাস্তায় নামব, আন্দোলন করব।’ প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রথম ২ মরসুম ইতিমধ্যেই প্রচারিত হয়েছে। প্রতিটি মরসুমে ১৩টি করে পর্ব ছিল। তৃতীয় মরসুমের জন্যও নবীকরণ হয়েছে। এ নিয়ে কপিল শর্মার তরফে এ পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!