Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৫, ২০২৩

ইডি’র হাতে ধৃত আপ সাংসদের বাড়িতে সস্ত্রীক কেজরীওয়াল, উগড়ে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডি’র হাতে ধৃত আপ সাংসদের বাড়িতে সস্ত্রীক কেজরীওয়াল, উগড়ে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

দিল্লি সরকারের আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে থেকেই আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা  ইডি। বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে সঞ্জয় এক্স হ্যান্ডলে  লেখেন, ‘‘মৃত্যু মেনে নেব, কিন্তু ভয় পাব না।’’

আবগারি দুর্নীতি মামলায় ধৃত আম আদমি পার্টি বা আপ-এর সাংসদ সঞ্জয় সিংহের পরিবারের সঙ্গে দেখা করলেন দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বুধবার রাতে অরবিন্দ কেজরীওয়ালের  সঙ্গে তাঁর স্ত্রী সুনীতাও গিয়েছিলেন সঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করতে।

সঞ্জয়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুধবার কেজরীওয়াল বলেছেন, ‘‘গত এক বছর ধরে আবগারি দুর্নীতি নিয়ে অনেক কথা শুনছি আমরা। এত দিন ধরে এক হাজারেরও বেশি তল্লাশি অভিযান চলেছে। কিন্তু এখনও এক পয়সাও উদ্ধার হয়নি।’’ আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মামলার চার্জশিটে ইডি অভিযোগ করেছে, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মদ বিপণন সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী মণীশ সিসোদিয়া আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্ট ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন!

গত ডিসেম্বরে সিসোদিয়ার ঘনিষ্ঠ হিসাবে অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে ইডি গ্রেফতার করেছিল। সূত্রের খবর, তখনই তারা জানতে পারে এই মামলায় যুক্ত রয়েছেন আরও কয়েক জন নেতা-নেত্রী। ইতিমধ্যেই দিল্লি আবগারি-কাণ্ডে জেরা করা হয়েছে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ‘ভারত রাষ্ট্র সমিতি’ বা বিআরএস-এর প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে। প্রসঙ্গত, প্রবল বিতর্কের জেরে ২০২২ সালে আবগারি নীতি বাতিল করার কথা ঘোষণা করেছিল দিল্লির কেজরীওয়াল সরকার। কিন্তু তার আগেই এই বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। পরে আবগারি-কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে ইডি।
এদিকে বিরোাদীদের অভিযোগ, ২০২৪ এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততোই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করাবে। ইন্ডিয়ার শক্তি বৃদ্ধিতে এনডিএ আতঙ্কিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!