- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ১৭, ২০২৫
কানাডায় ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’
কানাডায় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে। ভ্যাঙ্কুবারে পুনরায় হাইকমিশনার নিযুক্ত করেছে ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গে ভ্যাঙ্কুবারে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।
খালিস্তানপন্থী এই গোষ্ঠী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস দখল করবে। এই সংগঠনের পক্ষ থেকে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ পট্টনায়েকের মুখের ওপর টার্গেট লেখা একটা পোস্টারও প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে এই গোষ্ঠীটি ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে খালিস্তানিদের লক্ষ্য করে গুপ্তচরবৃত্তি এবং নজরদারি চালানোর অভিযোগ তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘২ বছর আগে, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন যে, হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা তদন্তাধীন। ২ বছর পরেও, ভারতীয় দূতাবাস খালিস্তান গণভোট প্রচারকদের লক্ষ্য করে গুপ্তচরবৃত্তি নেটওয়ার্ক এবং নজরদারি চালিয়ে যাচ্ছে।’
‘শিখস ফর জাস্টিস’ সংগঠানটি অভিযোগ করেছে, তাদের জন্য হুমকি এতটাই গুরুতর ছিল যে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইন্দ্রজিৎ সিং গোসালকে ‘সাক্ষী সুরক্ষা’ দিতে বাধ্য হয়েছিল। ইন্দ্রজিৎ সিং নিজ্জরের মৃত্যুর পর খালিস্তান গণভোট প্রচারণার নেতৃত্ব গ্রহণ করেছিলেন। সংগঠনটি দাবি করেছে যে, অবরোধের মাধ্যমে তারা তথাকথিত কানাডার মাটিতে গুপ্তচরবৃত্তি এবং ভয় দেখানোর জন্য দূতাবাসের জবাবদিহি চাইবে।
সেপ্টেম্বরের শুরুতে কানাডিয়ান সরকার এক অভ্যন্তরীণ প্রতিবেদনে স্বীকার করেছে যে, চরমপন্থী খালিস্তানি গোষ্ঠীগুলি কানাডাভিত্তিক ব্যক্তি এবং নেটওয়ার্কগুলির কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এই গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এসওয়াইএফ। দুটি গোষ্ঠীই কানাডার ফৌজদারি আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই চরমপন্থী গোষ্ঠীগুলি বেশিরভাগই ছোট ছোট ব্যক্তিদের গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয়। যারা খালিস্তানের উদ্দেশ্যকে সমর্থন করে, কোনও নির্দিষ্ট সংগঠনের সাথে জড়িত নয়।
❤ Support Us








