Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৭, ২০২৩

চিন্নাস্বামীর মাঠে ২১ রানে পরাজিত টিম কোহলি। ৪ ম্যাচ পর প্রতিক্ষিত জয় পেল নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
চিন্নাস্বামীর মাঠে ২১ রানে পরাজিত টিম কোহলি। ৪ ম্যাচ পর প্রতিক্ষিত জয় পেল নাইট রাইডার্স

ঘরের মাঠে ইডেনের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্সকে ২১ রানে হারিয়ে ৪ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরে এল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ তোলে নাইট রাইডার্স। জবাবে ২০ ওভারে বেঙ্গালুরু থেমে যায় ১৭৯/‌৮ রানে।

এদিন টস জিতে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। ভাল শুরু করেছিলেন নাইটদের দুই ওপেনার জেসন রয় এবং এন জগদীশন। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৮৩ রান। দশম ওভারে  বিজয় কুমার ভিশাকের বলে আউট হন জগদীশন (‌২৯ বলে ২৭)‌। ওভারের শেষ বলে জেসন রয়কে (‌২৯ বলে ৫৬)‌ বোল্ড করেন বিজয় কুমার।

এরপর দলকে টেনে নিয়ে যান নীতীশ রানা ও ভেঙ্কটেশ আয়ার। জুটিতে ওঠে ৮০ রান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে নীতীশ রানাকে (‌২১ বলে ৪৮)‌ তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ বল পরে ভেঙ্কটেশ আয়ারকেও (‌২৬ বলে ৩১)‌ ফেরান।  ক্রিজে নেমেই ঝড় তোলেন রিঙ্কু সিং। ১৯ তম ওভারের শেষ বলে রাসেলকে (‌১)‌ তুলে নেন সিরাজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০০/‌৫ রান তোলে নাইট রাইডার্স। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ৩ বলে অপরাজিত ১২ রান করেন ডেভিড উইসে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বিজয় কুমার ভিশাক ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বেঙ্গালুরু। ২ ওভারেই উঠে যায় ৩০। তৃতীয় ওভারে দারুণ ছন্দে থাকা ফাফ ডুপ্লেসিকে (‌৭ বলে ১৭)‌ তুলে নেন সূয়শ শর্মা। শাহবাজ আমেদ (‌৫ বলে ২)‌ এদিনও ব্যর্থ। তিনিও সূয়শের শিকার। ম্যাক্সওয়েলকে (‌৪ বলে ৫)‌ তুলে নেন বরুণ চক্রবর্তী। এরপর বেঙ্গালুরুর ইনিংস এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও মহীপাল লোমরোর। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন লোমরোর। কোহলি ও লোমরোরের জুটিতে ওঠে ৫৫।

বরুণ চক্রবর্তীকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাসেলের হাতে ধরা পড়েন লোমরোর। ১৮ বলে ৩৪ রান করে তিনি আউট হন। লোমরোর আউট হওয়ার পরপরই ফিরে যান কোহলি (‌৩৭ বলে ৫৪)‌। রাসেলের বলে ভেঙ্কটেশ আয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। কোহলি আউট হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের আশাও শেষ হয়ে যায় বেঙ্গালুরুর। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৭৯/‌৮ রান। দীনেশ কার্তিক ১৮ বলে করেন ২২। ২৭ রানে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২টি করে উইকেট নেন সূয়শ শর্মা ও আন্দ্রে রাসেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!