Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

‌আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে কোহলি, জাদেজার সঙ্গে হেড–কামিন্সও

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে কোহলি, জাদেজার সঙ্গে হেড–কামিন্সও

টি২০–র পর একদিনের ক্রিকেট। এবার বর্ষসেরা ক্রিকেটারের মনোনীতদের তালিকা প্রকাশ করল আইসিসি। একদিনের ক্রিকেটের পর বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেলেন বিরাট কোহলি। কোহলি ছাড়াও ভারত থেকে মনোনয়ন পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এই দুই ভারতীয়র সঙ্গে লড়াইয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড।

২০১৯ সালে আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন কামিন্স। গত বছর টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে ৫৯ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। তাঁর সঙ্গে লড়াই জমবে রবীন্দ্র জাদেজার। তিনি সবচেয়ে বেশি ৬৬ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে ৬১৩ রান করেছেন। তবে প্যাট কামিন্স অধিনায়ক হিসেবে দেশকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ খেতাব এনে দিয়েছেন। বিরাট কোহলিও বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন। তাঁর সামনে তৃতীয়বার স্যর গারফিল্ড সোবার্স ট্রফি জেতার হাতছানি। ২০২৩ সালে একাধিক রেকর্ড ভেঙে ২০৪৮ রান করেছেন কোহলি।

এদিকে, বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ট্রাভিস হেড, উসমান খোয়াজা ও জো রুট। এই নিয়ে তৃতীয়বার মনোনয়ন পেলেন অশ্বিন। ২০১৬ সালে তাঁর হাতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট উঠেছিল। এরপর ২০২১ সালেও মনোনীত হয়েছিলেন। যদিও সেবার তাঁকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছিলেন ইংল্যান্ডের জো রুট। উসমান খোয়াজা এই নিয়ে টানা দ্বিতীয়বার মনোনয়ন পেলেন। ট্রাভিস হেড অবশ্য প্রথমবার।

বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ইংল্যান্ডের ন্যাট স্কিভার–ব্রান্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। চামারির সঙ্গেই বর্ষসেরা মহিলা টি২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ ও অস্ট্রেলিয়ার এলিস পেরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!