Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৮, ২০২৩

প্রিমিয়ার লিগে এফসিআইকে ৩–১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রিমিয়ার লিগে এফসিআইকে ৩–১ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দারুণ জয় তুলে নিল মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার ঘরের মাঠে এফসিআই–কে হারাল ৩–১ ব্যবধানে। দুটি আত্মঘাতী গোলই জয়ের রাস্তা পরিস্কার করে দেয় সাদা কালো ব্রিগেডের।

ম্যাচের শুরু থেকেই মহমেডানের দাপট ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত রাখছিল এফসিআই ডিফেন্সকে, ম্যাচের ৬ মিনিটেই গোল করার সুযোগ এসেছিল মহমেডানের সামনে। বক্সের মধ্যে বল পেয়ে সামনে শুধু গোলকিপারকে পেয়েও জালে রাখতে পারেননি ডেভিড। এরপরও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল মহমেডান। কিন্তু কাজে লাগাতে পারেনি।

অবশেষে ম্যাচের ২৮ মিনিটে মাহান্দি হাসান মোল্লার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহমেডান। মহমেডানের তন্ময় ঘোষ এফসিআই গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। তাঁর সেই শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন হাসান মোল্লা। ৩৬ মিনিটে সেই আত্মঘাতী গোলের সুবাদেই ব্যবধান বাড়ায় মহমেডান। ডেনজিলের পাস নিজেদের জালে পাঠান দীপ বাগ। প্রথমার্ধের এই দুটি আত্মঘাতী গোলেই এগিয়েছিল মহমেডান। তবে ইনজুরি সময়ে ডেভিডের সাইড ভলি ক্রসবারে লেগে ফিরে না এলে ব্যবধান বাড়ত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ব্যবধান কমায় এফসিআই। বক্সের মধ্যে দীপু হালদার বলে হাত লাগালে পেনাল্টি পায় এফসিআই। পেনাল্টি থেকে গোল করেন সৌরভ মান্না। গোল হজম করলেও দাপট কমেনি মহমেডানের। একের পর এক গোলের সুযোগ তৈরি হয়। তবে কাজে লাগাতে পারেননি ডেনজিল, ডেভিডরা। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে ডেভিডের গোলে ব্যবধান বাড়ে। এফসিআই গোলকিপারকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন ডেভিড। বল দীপ বাগের পায়ে লেগে গোলে ঢোকে।

এদিকে, ১৬ আগস্ট মহমেডান নবনির্মিত তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!