- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৩১, ২০২৫
বেঙ্গল সুপার লিগ নিয়ে আশাবাদী কিংবদন্তী ফুটবলার ভাস্কর গাঙ্গুলি
ফুটবলের বেঙ্গল সুপার লিগ বা বিএসএল নিয়ে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক প্রবাদপ্রতিম গোলকিপার ভাস্কর গাঙ্গুলি। মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আয়োজিত নাদনঘাট খালবিল উৎসবের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দেন ভাস্কর। বললেন, ‘এতে রাজ্যের গ্রামগঞ্জ থেকে প্রচুর প্রতিভাবান ফুটবলার উঠে আসছে। টিভিতে তাদের দেখাচ্ছে। অভিভাবক, আত্মীয়স্বজনরা ঘরের ছেলেকে টিভির পর্দায় দেখছেন। ফুটবলের উন্নতির এটা ভাল বিজ্ঞাপন।’ সেইসঙ্গে ভাস্করের সতর্কতা, ‘ওয়ান ডে বা টু-ডে ফুটবল খেলোয়াড়দের সর্বনাশ করে দিচ্ছে। পুরোদস্তুর টুর্নামেন্ট খেলতে হবে। তবে ভাল ফুটবলার তৈরি হবে।’ যোগ করেন, ‘এবার বিএসএল টুর্নামেন্ট শুরু হল। ধারাবাহিকতা রাখতে হবে। তাহলেই বাংলা থেকে আবার আগের মত প্রচুর ফুটবলার উঠে আসবে। দেশের মুখ উজ্জ্বল করবে।’ ভাস্করের সঙ্গে ছিলেন আরও ২ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বিকাশ পাঁজি ও আলভিটো ডি কুনহা। ছিলেন প্রাক্তন গোলরক্ষক সুমিত মুখার্জিও।
আলোচনার ফাঁকে বাংলার ফুটবল নিয়ে নিজের হতাশা গোপন করেননি ভাস্কর। বললেন, ‘এখন আর ভারতীয় দলে বাংলার ফুটবলার দেখাই যায় না। গত ১৫/২০ বছরে বাংলার ফুটবলটা শেষ হয়ে গিয়েছে।’ আরও বলেন, ‘কলকাতা লিগও সৌন্দর্য হারিয়েছে। আগে বর্ধমান-সহ বিভিন্ন জেলা থেকে কত প্রতিভাবান ফুটবলার উঠে আসত। কলকাতা লিগে খেলত। এখন আর ফুটবলাররা আসছে না। সুযোগও তেমন মিলছে না। বড়জোর ১০/১২টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তারপর হারিয়ে যাচ্ছে।’ অভিভাবকদের উদ্দেশে ভাস্করের মন্তব্য, ‘লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলার মাঠেও পাঠান। আসলে কোয়ান্টিটি এলে তবে কোয়ালিটি আসবে।’ ওঠে কলকাতায় মেসিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গ। এ ব্যাপারে উদ্যোক্তাদেরই কাঠগড়ায় তোলেন ভাস্কর। বললেন, ‘উদ্যোক্তাদের অদূরদর্শিতা ও সঠিক পরিকল্পনার অভাবেই বাংলার মুখ পুড়ল।’
❤ Support Us








