Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, ২০০তম ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, ২০০তম ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ

ম্যাচের শুরুতেই ইঙ্গিতটা ছিল, দিনটা মেসির। ৫ মিনিটে অফসাইডে একটা গোল বাতিল হলেও তাঁর দুরন্ত হ্যাটট্রিকে চূর্ণ আলজেরিয়া। আলজেরিয়াকে ৩–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। ১৬ গোল করে ক্লোজের সঙ্গে যৌথভাবে শীর্ষে মেসি।

বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে ২০০তম ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। মাইলস্টোনের ম্যাচ স্মরণীয় করে রাখলেন। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে গেলেন ২০০তম ম্যাচে। আরও একটা নজির গড়েছেন মেসি। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কুয়েতের কিংবদন্তি বাদের আল–মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেললেন। আরও একটা রেকর্ড এদিন গড়েছেন মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপ খেলার নজির গড়লেন। বুধবার রাতেই মেসির কৃতিত্বে ভাগ বসাবেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিন আলজেরিয়ার বিরুদ্ধে শুরুতেই যেভাবে ঝলসে উঠেছিলেন, বোঝা গিয়েছিল দিনটা তাঁরই। ম্যাচের ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন মেসি। আবার জ্বলে উঠেছিল তাঁর বাঁ পা। নিজেদের অর্ধ থেকে রড্রিগো ডি পলের নেওয়া ফ্রিকিক থেকে  মাঝমাঠে বল পেয়েছিলেন মেসি। বল ধরেই লম্বা দৌড়। আলজেরিয়ার ডি বক্সের মাথায় পৌঁছে বাঁ পায়ের দুরন্ত শট। বল সামান্য বাঁক নিয়ে জিদানপুত্র লুকা জিদানের আঙুল স্পর্শ করে বল জালে।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আবার সেই ‘‌মেসি ম্যাজিক’‌। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক। বল তাঁর হাত থেকে ছিটকে বেরিয়ে আসে। আলতো টোকায় গোল করেন মেসি। এই গোলের সঙ্গে সঙ্গে মেসি ছুঁয়ে ফেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে। ৬৬ মিনিটেই হ্যাটট্রিক পেয়ে যেতেন মেসি। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান জিনেদিন জিদান–পুত্র।

ম্যাচের ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। জাদুকরী ড্রিবলিংয়ে মাঠের মাঝ বরাবর ছুটে পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকো গঞ্জালেসকে বল দেন মেসি। গঞ্জালেস আবার মেসিকে ফিরিয়ে দেন। বক্সের বাইরে থেকে মেসির সেই ট্রেডমার্ক বাঁকানো শট, বল আলজেরিয়ার জালে এবং বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনাল্ডো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল (‌১৬)‌ করা মিরোস্লাভ ক্লোজেকে। ম্যাচের ৮০ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্ক্যালোনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!