- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১১, ২০২৩
দুনিয়ার সেরা লিটল ম্যাগাজিন মেলার আরম্ভ আজ, মঞ্চে বহু লেখক কবিকে সম্মানিত করতে বিশদ আয়োজন ।
৩৫০ লিটল ম্যাগ সাজিয়ে যোগ দেবেন ৫৫০ লেখক আর কবি
স্বনামধন্য সাহিত্যিকদের সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। আজ বুধবার তার শুভ উদ্বোধন।
কলকাতায় শুরু হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা । রবীন্দ্র সদন -নন্দন প্রাঙ্গনে একতারা মুক্তমঞ্চে হবে এই অনুষ্ঠানের সূচনা হবে। উদ্বোধন করবেন কথা সাহিত্যিক অমর মিত্র ও কবি দেবদাস আচার্য। সূচনা অনুষ্ঠানেই সম্মানিত করা হবে নির্মাল্য মুখোপাধ্যায়, শিবাশিস মুখোপাধ্যায়, প্রকাশ দাস, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, শৌভিক দে সরকার, দেবারতি মিত্র, জহর সেন মজুমদার সহ একাধিক কবি লেখককে। এবার লিটল ম্যাগাজিন সম্মান পাবেন ‘বিজ্ঞান পর্ব’ পত্রিকার সম্পাদক রবিন ঘোষ , ‘রক্তমাংস’ পত্রিকার সঙ্গে যুক্ত গৌতম ঘোষ দস্তিদার। প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ও বাংলা আকাদেমির যৌথ উদ্যোগে উৎসব ও মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
করোনার বেদনাদায়ক স্মৃতিকে অতিক্রম করে এ বছরই অনুষ্ঠিত হবে হবে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী। এই উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজিত হবে ‘তিষ্ঠ ক্ষণকাল’ শীর্ষক প্রদর্শনীর। মধুসূদনের জীবন নির্ভর উপন্যাস ‘মধুময় তামরস’ এর জন্য পুরস্কৃত হবেন সমীরণ দাস। এবার মেলার ট্যাগ লাইন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কালজয়ী পঙক্তি ‘একটু পা চালিয়ে ভাই’। মঙ্গলবার বাংলা আকাদেমির সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ও বাংলা আকদেমির সভাপতি ব্রাত্য বসু । ২৩ এর এই লিটল ম্যাগাজিন মেলার সবচেয়ে বড় চমক হবে ৩৫০ ক্ষুদ্র পত্র পত্রিকার উপস্থিতি। উৎসবে যোগ দেবেন ৫৫০ জন কবি ও কথা সাহিত্যিক। ব্রাত্য বসু ছাড়াও গতকাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নবপ্রজন্মের অন্যতম সেরা এবং জনচিত্তজয়ী লেখক প্রচেত গুপ্ত , কবি সুবোধ সরকার,সাহিত্যিক ও ঔপন্যাসিক আবুল বাশার প্রমুখ। বয়সের আয়তনে বাংলা লিটল ম্যাগ মেলা বেশিদিনের নয়। কিন্তু তাঁর বিস্তৃতি, তার বহুমুখিতা আর সজ্জিত পরিপাটি বাঙালি জাতিসত্ত্বার বিশুদ্ধ মননের প্রতিনিধিত্ব দাবি করছে। এ মেলা তার আবহমানের সংস্কৃতি চর্চাকে নিরন্তর উঁচিয়ে ধরছে। বাংলা লিটল ম্যাগ ছাড়া সিরিয়াস, জনপ্রসিদ্ধ লেখালেখি অসম্ভব- এরকম বক্তব্য সরব কোলাহলে জেগে উঠবে নন্দন চত্বরে, মেলার ময়দানে, এক স্টল থেকে আর এক স্টলের আড্ডা আর সমবেত আয়োজনে।
❤ Support Us








