- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- সেপ্টেম্বর ৫, ২০২৫
শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, লুকআউট নোটিশ জারি করল মুম্বাই পুলিশ
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অর্থ তুলে তা ব্যবসায়িক কাজে না লাগিয়ে ব্যক্তিগত খরচে ব্যয় করেছেন ওই দম্পতি। পুলিশ সূত্রের খবর, শিল্পা ও রাজের মালিকানাধীন ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ সংস্থার মাধ্যমে বিপুল এই অর্থ লেনদেন হয়েছিল। সংস্থাটি বর্তমানে বন্ধ। অভিযোগের তদন্তে নেমেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। খতিয়ে দেখা হচ্ছে শিল্পা ও রাজের বিদেশ সফরের তথ্যও। তলব করা হয়েছে সংস্থার অডিটরকেও।
জানা যাচ্ছে, অভিযোগকারীর নাম দীপক কোঠারি। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁকে বলা হয়েছিল, কোম্পানি সম্প্রসারণের জন্য লগ্নি করলে মোটা অঙ্কের মুনাফা মিলবে। ১২ শতাংশ সুদের আশ্বাসও দেওয়া হয়েছিল। এমনকি ২০১৬-র এপ্রিল মাসে শিল্পা শেট্টী তাঁর নামে লিখিত ব্যক্তিগত গ্যারান্টি দেন। কিন্তু সে বছরেই শিল্পা ওই সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন। কোঠারির আরো অভিযোগ, যে কোম্পানিতে তিনি টাকা ঢেলেছিলেন, সেই কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যেই ১.২৮ কোটি টাকার দেউলিয়া সংক্রান্ত মামলা চলছিল, যার কথা তাঁকে জানানোই হয়নি।
এই ঘটনার পরেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিযোগকারী ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। তদন্তের স্বার্থে শিল্পা ও রাজের বিদেশ যাত্রা আটকাতে জারি করা হয়েছে লুকআউট সার্কুলার। অন্যদিকে, শিল্পা ও রাজের তরফে যাবতীয় অভিযোগকে ‘ভিত্তিহীন, বিদ্বেষপ্রসূত ও মানহানিকর’ বলে দাবি করা হয়েছে। তাঁদের আইনজীবীর দাবি, ‘দায়ের হওয়া মামলাটি দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত। এসব নিছকই হয়রানি করবার চেষ্টা এবং আইনের পথেই এর মোকাবিলা করা হবে।’
❤ Support Us







