- দে । শ
- জুন ২৭, ২০২৬
টেটের আগেই প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় মহারাষ্ট্র, আটক একাধিক; বাতিল পরীক্ষা
মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার আগেই প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষা শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি ছিল না, তার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে রবিবার নির্ধারিত টেট পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগ্জ়ামিনেশন জানিয়েছে, প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষা দফতরের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ঠাণের ভিওয়ান্দি এলাকায় তল্লাশি চালিয়ে প্রশ্নফাঁস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলি টেট পরীক্ষারই কি না, তা যাচাইয়ের পরই পর্ষদ প্রশ্নফাঁসের বিষয়টি নিশ্চিত করে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে প্রশ্ন বাইরে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরীক্ষার্থীদের উদ্দেশে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেট, নতুন সূচি এবং বিজ্ঞপ্তি জানতে নিয়মিত পর্ষদের সরকারি ওয়েবসাইটে নজর রাখতে হবে। চলতি বছরের টেট পরীক্ষার জন্য রাজ্যজুড়ে মোট ১,০২৮টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, মহারাষ্ট্রে এর আগেও ২০১৬ সালে টেট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল। সে বার হোয়াটসঅ্যাপে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরিস্থিতির জেরে সেই পরীক্ষাও বাতিল করা হয়েছিল এবং পরে এক লক্ষেরও বেশি পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়েছিল। তদন্তে একাধিক প্রশ্নফাঁস চক্রের হদিশ মেলে এবং গ্রেফতার করা হয় বহু অভিযুক্তকে। নতুন করে একই ধরনের অভিযোগ সামনে আসায় ফের প্রশ্ন উঠছে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে।
❤ Support Us





