- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৪, ২০২৩
রক্ষণ ও রেফারির ভুল সিদ্ধান্তে মারডেকা থেকে বিদায় ভারতের
মালয়েশিয়ার থেকে র্যাঙ্কিংয়ে এগিয়েছিল ভারত। পরিসংখ্যানেও এগিয়ে থেকে মাঠে নেমেছিল ইগর স্টিম্যাকের দল। তবুও শেষরক্ষা হল না। মালয়েশিয়ার কাছে সেমিফাইনালে হেরে মারডেকা কাপ থেকে বিদায় নিল ভারত। সুনীল ছেত্রিদের হার ৪–২ ব্যবধানে। রক্ষণ আর রেফারির ভুল সিদ্ধান্তে হারতে হল ভারতকে। মালয়েশিয়ার হয়ে চারটি গোল করেন ডিওন, আরিফ, ফয়জল, করবিন। ভারতের গোলদুটি মহেশ সিং ও সুনীল ছেত্রির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল ভারত। তবে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় মালয়েশিয়া। ৭ মিনিটে এন্ডরিকের কর্নার থেকে বল পেয়ে গোল করেন ডিওন কুলে। এই গোলের ক্ষেত্রে ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানকে দায়ী করা যায়। তাঁর ভুলেই বল পান ডিওন। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ভারত। ১৩ মিনিটে সমতা ফেরান মহেশ সিং। সাহাল আব্দুল সামাদের ব্যাকপাস থেকে দুরন্ত শটে গোল করেন মহেশ।
২০ মিনিটে আবার এগিয়ে যায় মালয়েশিয়া। বক্সের মধ্যে ড্যারেনকে ফাউল করেন নিখিল পুজারি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন আরিফ। ৪২ মেহতাবের ভুলে বল পেয়ে ব্যবধান বাড়ান ফয়জল হালিম। প্রথমার্ধে ৩–১ ব্যবধানে এগিয়ে ছিল মালয়েশিয়া। ফল দেখে মনে হতে পারে একতরফা ম্যাচ হয়েছে। আদপে কিন্তু তা নয়। ভারত দুর্দান্ত লড়াই করে। কিন্তু রক্ষণের দুটি ভুলই ভারতে পিছিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে ভারত। ৫২ মিনিটে ব্যবধান কমায় ভারত। ছাংতের পাস থেকে গোল করেন সুনীল ছেত্রি। ৫৭ মিনিটে বিতর্ক চরমে ওঠে। রেফারির ভুল সিদ্ধান্তে ন্যায্য গোল থেকে বঞ্চিত হয় ভারত। ছাংতের শট মালয়েশিয়ার গোলকিপার সিয়ানের হাতে লেগে গোললাইন অতিক্রম করে। ডিওন ছুটে এসে বল গোলের ভেতর থেকে বাইরে পাঠান। ভারতীয় ফুটবলাররা গোলের দাবি জানালেও রেফারি কর্ণপাত করেননি। ৬১ মিনিটে ফয়জলের পাস থেকে মালয়েশিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন করবিন। বাকি সময়ে আক্রমণ তুলে নিয়ে এলেও গোল পায়নি ভারত।
❤ Support Us








