Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৪, ২০২৫

এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত, বহরমপুর থেকে শাহকে নিশানা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত, বহরমপুর থেকে শাহকে নিশানা মমতার

বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) করা যাবে না বলে শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম ধাপও প্রায় শেষের পথে। এই পরিস্থিতিতেই বহরমপুরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা করেছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘চালাকি’ তিনি বুঝে ফেলেছেন বলেও মন্তব্য করেন মমতা।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধু প্রয়োজনীয় নথি জমা দিন। যদি আমরা এসআইআর করতে না দিতাম, তাহলে ভোট না করেই ওরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করত।”

এর পর অমিত শাহকে লক্ষ্য করে মমতার কটাক্ষ, “অমিত শাহের চালাকি বুঝে ফেলেছি। আমরা এতটা বোকা নই বাবুমশাই, গোদিভাই ! আমরা করব, লড়ব এবং জিতে দেখাব। আমাদের ভাতে মারা যাবে না, সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না।”

এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনের নীতিকেও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিজেপিশাসিত রাজ্যগুলোতে কেন এসআইআর হচ্ছে না? তিনি বলেন, “যে সব রাজ্যে বিজেপি নেই, শুধু সেখানেই কেন ভোটের আগে এসআইআর? অসম, ত্রিপুরায় কি বাংলাদেশের সীমান্ত নেই? সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি ক্ষমতায় আছে বলে?”

মমতা অভিযোগ করেন, এসআইআর ইস্যুতে ধর্মীয় রাজনীতি করা হচ্ছে। তিনি বলেন, “৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস পালিত হয়, সব ধর্মের মানুষ এতে যোগ দেন। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের রক্ষা করবেন— এটাই নিয়ম। বাংলা সব ধর্মকে সম্মান করে, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মানবে না।”

বিজেপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “এসআইআর-এর কারণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের অর্ধেকই হিন্দু। যে গাছের ডালে বসেছেন, সেই ডালই কাটছেন!”

এর আগে মমতা অভিযোগ করেছিলেন— এসআইআর করে আসলে এনআরসি-র পথ সুগম করা হচ্ছে। এবার আরও কড়া সুরে জানান, বাংলায় এনআরসি তিনি হতে দেবেন না। তাঁর স্পষ্ট ঘোষণা, “আমার গলা কেটে দিলেও বাংলায় এনআরসি হবে না। কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কাউকে তাড়ানো হবে না। রোহিঙ্গারা বাংলায় কোথা থেকে আসবে? তারা তো আসে মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিক দিয়ে। সীমান্তরক্ষা, আইটিবিপি, বিএসএফ, পাসপোর্ট, ভিসা— সবই কেন্দ্রের হাতে। এখন আমাদের দোষ দিলে হবে না।”
মমতা আরও বলেন, “ভাগ্যিস আমি বীরভূমে জন্মেছি ! নয়তো আমাকেও বাংলাদেশি বলত।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!