Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • সেপ্টেম্বর ৪, ২০২৫

মঙ্গলে খোঁজ মিলল ৪.৫ বিলিয়ন বছরের পুরনো রহস্যঘেরা শিলাখণ্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলে খোঁজ মিলল ৪.৫ বিলিয়ন বছরের পুরনো রহস্যঘেরা শিলাখণ্ডের

সৌরজগতের আদিম ইতিহাস লুকিয়ে রয়েছে লাল গ্রহের বুকে। মঙ্গলের গভীরে খোঁজ মিলেছে এমন কিছু ঘন শিলার গঠন, যা নাসার ইনসাইট ল্যান্ডারের পাঠানো তথ্য ঘেঁটে উঠে এসেছে বিজ্ঞানীদের চোখে। এই শিলাগুলি সূর্যজগতের জন্মলগ্নে তৈরি হওয়া প্রাচীন ‘প্রোটোপ্ল্যানেট’ বা প্রাথমিক গ্রহের অংশ, যা নিজে গ্রহ হয়ে উঠতে পারেনি। গবেষকরা বলছেন, প্রায় ৪.৫০০ কোটি বছর আগে মহাকাশের বিশৃঙ্খলায় সে সব শিলাকণা এসে ধাক্কা মারে মঙ্গলের গায়ে, যা আজও রয়ে গিয়েছে একেবারে অক্ষত অবস্থায়।

নাসার ইনসাইট ল্যান্ডার ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত মঙ্গলের ভূপৃষ্ঠের নীচে কম্পন বা মার্সকোয়েক পর্যবেক্ষণ করছিল। সেই কম্পনের তরঙ্গ বিশ্লেষণ করতেই সামনে আসে অভাবনীয় অজানা তথ্য। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, কিছু সিসমিক তরঙ্গ মঙ্গলের কিছু অংশে প্রবেশ করে ধীর হয়ে যায়। সেটি বিশ্লেষণ করে বোঝা যায়, সেখানকার ভূগর্ভস্থ শিলার ঘনত্ব আশপাশের তুলনায় অনেকটাই বেশি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রহবিজ্ঞানী এবং গবেষণার প্রধান লেখক কনস্টান্টিনোস চরালাম্বাউস জানান, ‘এর আগে কোনো গ্রহের ভিতর এত স্পষ্ট এবং সূক্ষ্ম চিত্র আমরা দেখিনি। মনে হচ্ছে মঙ্গলের ম্যান্টল যেন প্রাচীন শিলার খণ্ডে খচিত।’

এ প্রাচীন শিলা বা ‘ব্লব’-এর আকার গড়ে প্রায় ৪ কিলোমিটার। তারা মঙ্গলের ম্যান্টলের বিভিন্ন স্তরে অবস্থান করছে। বিজ্ঞানীরা বলছেন, এত গভীরে তাপমাত্রা ১৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছলেও, এই ‘ব্লব’-গুলি অবিকৃত থেকে গিয়েছে। কারণ মঙ্গলে পৃথিবীর মতো টেকটোনিক প্লেট, নেই কোনো সাবডাকশন বা অভ্যন্তরীণ গলন প্রক্রিয়া। ফলে একবার যা সেখানে গিয়েছে, তা আর নড়েচড়ে না। চরালাম্বাউসের কথায়, ‘এ ধরনের গঠন যদি পৃথিবীতে থাকত, তাহলে তা বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত।’ তবে প্রশ্ন উঠছে, মঙ্গলে যখন টেকটোনিক প্লেট নেই, তখন ‘মার্সকোয়েক’ হয় কী করে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, মঙ্গলে ভূ-কম্পনের প্রধান কারণ ভূমিধস, পাথর ফাটার ঘটনা এবং উল্কাপিণ্ডের সংঘর্ষ।

প্রসঙ্গত, এই ইনসাইট ল্যান্ডারই গত বছর মঙ্গলের নীচে এক বিশাল ভূগর্ভস্থ জলাধারের খোঁজ দিয়েছিল। এবার খুলে দিল আরো এক রহস্যের দরজা। সৌরজগতের ইতিহাসে মঙ্গল যে এখনো কত অজানা গল্প লুকিয়ে রেখেছে, তারই আভাস মিলল এই নতুন আবিষ্কারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!