- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৪, ২০২৩
সৌদিতে আবার লড়াই মেসি–রোনাল্ডোর? মেসিকে বড় প্রস্তাব আল–হিলালের
সামনের মরশুমে পিএসজি–তে যে থাকছেন না লিওনেল মেসি, দিনের আলোর মতোই পরিস্কার। জুনে চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তিপত্রে সই করেননি মেসি। সই করার সম্ভাবনাও নেই। পিএসজি ছেড়ে মেসি কোন ক্লাবে সই করতে পারেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ কম নেই। এই পরিস্থিতিতে এই মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল–হিলাল। চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।
গতবছর ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল–নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর থেকেই জল্পনা চলছিল, রোনাল্ডোর পর এবার কি তাহলে লিওনেল মেসিকেও সৌদির ক্লাবে খেলতে দেখা যাবে? আল–হিলাল বছরের শুরু থেকেই মেসিকে পেতে আগ্রহী ছিল। পিএসজি–র সঙ্গে মেসির চুক্তি বিতর্ক এই সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছিল। পিএসজি–র সঙ্গে মেসি চুক্তি নবীকরণ না করা আল–হিলালের সামনে সুযোগ চলে এসেছে।
ইতিমধ্যেই মেসিকে দলে নেওয়ার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে আল–হিলাল। যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্ষিক বেতনের প্রায় দ্বিগুণ। আল–হিলালের প্রস্তাবে রাজি হয়ে মেসি যদি চুক্তিপত্রে সই করেন, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ইতিমধ্যেই মেসির বাবা তথা তাঁর এজেন্ট হোর্হে মেসি আল–হিলালের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন।
রিয়াদ–ভিত্তিক আল–হিলাল সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাব। ইতিমধ্যেই তারা ১৮ বার সৌদি প্রো লিগ, ৯ বার কিংস কাপ, ১৩ বার ক্রাউন প্রিন্স কাপ, ৩ বার সুপার কাপ এবং ৩ বার ফেডারেশন কাপ জিতেছে। এছাড়া চার–চার বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। আল–হিলাল এবছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ছাড়পত্র পেয়ে গেছে। অর্থাৎ পঞ্চম বার খেতাব জেতার মুখে দাঁড়িয়ে রয়েছে।
মেসি যদি শেষ পর্যন্ত আল–হিলালে যোগ দেন তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা পুনর্জন্ম পাবে। মেসি ইতিমধ্যেই সৌদি পর্যটন বিভাগের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি এই চুক্তির শর্ত পূরণের জন্য সৌদি আরব সফর করেছেন। আর এই সফরের জন্য পিএসজি ক্লাবের অনুমতি না নেওয়ায় তাঁকে সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে।
❤ Support Us








