Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৪, ২০২৬

হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিং, মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাটকে হারাল মুম্বই

আরম্ভ ওয়েব ডেস্ক
হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিং, মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাটকে হারাল মুম্বই

মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে শেষ বলে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। পরের ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন। দিল্লি ক্যাপিটালকে হারিয়েছিল ৫০ রানে। এবার গুজরাট জায়ান্টসকে ৭ উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দুরন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন হরমনপ্রীত কাউর।

প্রথম দুটি ম্যাচ জিতে দারুণ ছন্দে ছিল গুজরাট জায়ান্টস। প্রথম দুটি ম্যাচেই ২০০–র বেশি রান তুলেছিল। মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও যথেষ্ট বড় রান তুলেছি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯২। কোনও ব্যাটার বড় ইনিংস খেলতে  না পারলেও সকলের প্রচেষ্টায় বড় রানে পৌঁছতে সক্ষম হয় গুজরাট। বেথ মুনি, কনিকা আহুজা এবং অধিনায়ক অ্যাশলে গার্ডনার প্রথম ১০ ওভারে দলকে ৯৭ রানে পৌঁছে দেন।

মুনি (‌২৬ বলে ৩৩)‌, কনিকা (‌১৮ বলে ৩৩)‌, গার্ডনার (‌১১ বলে ২০)‌ আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। ৬ ওভারে মাত্র ৩৬ রান তোলে। ‌ভারতী ফুলমালির (‌১৫ বলে ৩৬)‌ আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে শেষ ৪ ওভারে ৫৬ রান তোলে গুজরাট। জর্জিয়া ওয়ারহ্যাম ৩৩ বলে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছতে সাহায্য করেন।

জিতলেও মুম্বইয়ের শুরুটা অবশ্য ভাল ছিল না। ৫ ওভারে ৩৭ রানের মধ্যেই দুই ওপেনার জি কমলিনী (‌১২ বলে ১৩)‌ ও হেইলি ম্যাথুজকে (‌১২ বলে ২২)‌ হারায়।  এরপর আমনজ্যোত কাউর ও অধিনায়ক হরমনপ্রীত দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনে ৪৪ বলে ৭২ রানের জুটি গড়েন। এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ২৬ বলে ৪০ রান করে আউট হন আমনজ্যোত। তিনি ফিরে যাওয়ার পর হরমনপ্রীত এবং নিকোলা আক্রমণ শুরু করেন। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১৯৩/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। হরমনপ্রীত কাউর ৪৩ বলে ৭১ এবং নিকোলা ক্যারি ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!