Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৪

জল বাড়ছে ভাগীরথীতে, রাত পাহারায় মন্ত্রী স্বপন

আরম্ভ ওয়েব ডেস্ক
জল বাড়ছে ভাগীরথীতে, রাত পাহারায় মন্ত্রী স্বপন

রাত তখন প্রায় ১১টা। খাওয়াদাওয়া চুকিয়ে বিশ্রামের আয়োজন করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। খবর পেলেন আচমকা ভাগীরথীর জল হু হু করে বাড়ছে। লাটে উঠল বিশ্রাম। কয়েকজন সঙ্গীকে নিয়ে ছুটলেন ভাগীরথীর পাড়ে। ভোররাত অবধি পাড় লাগোয়া গ্রামগুলি চক্কর দিলেন। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি রাতেই সাধারণ প্রশাসন, পঞ্চায়েত প্রতিনিধি ও সেচকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। মন্ত্রী মাঝরাতে এসে পাশে দাঁড়ানোয় দারুণ খুশি এলাকার সাধারণ মানুষজন। ভাগীরথীর জল বাড়ার কারণে শুক্রবার সকাল থেকে কাটোয়া থেকে কালনা পর্যন্ত বিভিন্ন ফেরিঘাটে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। জল কমতে দুপুর থেকে অবশ্য ফেরি সার্ভিস স্বাভাবিক হয়।
তবে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরও ভাগীরথী, অজয়-সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়ায় ডিভিসির বেহিসেবী জল ছাড়ার সিদ্ধান্তকে দুষছেন পূর্ব বর্ধমান জেলার হাজার হাজার কৃষক। কৃষকদের ক্ষোভকে ‘সঙ্গত’ আখ্যা দিয়ে মন্ত্রী স্বপনবাবু বললেন, ‘উৎসবের মুখে অতিরিক্ত জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করে বাংলাকে বিপদের মুখে ঠেলে ফেলার চক্রান্ত ডিভিসির।’ কেন এভাবে জল ছাড়তে হবে, এই প্রশ্ন তুলে স্বপনবাবুর মন্তব্য, ‘কেন্দ্র জলাধারগুলি ঠিকঠাক ড্রেজিং করলে এই অবস্থা হয় না।’ এদিকে অজয় ঘেরা কাটোয়া ১নং ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের শুনিয়া গ্রাম পুরোপুরি জলবন্দি হয়ে পড়েছে। গোটা গ্রামের ৮০টি পরিবার জলবন্দি। গ্রামবাসী অভিজিৎ হাজরা, রাধেশ্যাম হাজরারা বলছিলেন, ‘আতঙ্কে আছি। সবথেকে চিন্তা রাতে কোনও সমস্যা হলে, বিশেষ করে হাসপাতালে যেতে হলে কীভাবে গ্রাম থেকে বেরব, সেই দুশ্চিন্তায় আছি।’ পরিস্থিতির কথা স্বীকার করে কাটোয়ার মহকুমাশাসক অর্চনা ওয়াংখেড়ে জানান, ‘পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নৌকার ব্যবস্থা করা হয়েছে। বিডিও-কে নজর রাখার জন্য বলা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!