- দে । শ
- জুন ২৭, ২০২৬
দীর্ঘজীবী ‘জোনাথন’-এর সঙ্গে সাক্ষাৎ, সেশেলস সফরে মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফরে যাচ্ছেন। এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি থাকছে একটি ব্যতিক্রমী আকর্ষণও। বিশ্বের অন্যতম দীর্ঘজীবী প্রাণী হিসেবে পরিচিত আলড্যাবরা প্রজাতির বিশালাকার কচ্ছপ ‘জোনাথন’-এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
জোনাথনের বাস সেশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে। ধারণা করা হয়, তার বয়স প্রায় ১৯৪ বছর। যদিও এই বয়সের পক্ষে নির্ভুল ঐতিহাসিক প্রমাণ নেই, তবে বিশেষজ্ঞদের মতে, সে তার প্রজাতির গড় আয়ুর অনেক বেশি সময় ধরে বেঁচে রয়েছে। তাই জোনাথনকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।
মোদির এই সাক্ষাৎকে শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে নয়, বরং ঐতিহ্য সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সচেতনতার প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত ও সেশেলসের দ্বিপাক্ষিক সম্পর্কে এই বিষয়গুলির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
সেশেলসে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই জোনাথনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর জাতীয় বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
এই সফরে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও, সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদি। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দুটি যুদ্ধজাহাজও অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার সেশেলস সফর করেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সেশেলস সফর। প্রায় এক দশক পর আবার এই দ্বীপরাষ্ট্রে তাঁর সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাদের মতে, এই সফর ভারত-সেশেলস সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে ।
❤ Support Us





