- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২৩
ট্রাউকে ৬ গোলে উড়িয়ে লিগ শীর্ষে মহমেডান
আইজল এফসি–র বিরুদ্ধে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করেছিল মহমেডান স্পোর্টিং। দ্বিতীয় ম্যাচেই শিলং লাজংয়ের কাছে আটকে যেতে হয়েছিল। আবার জয়ের সরণিতে ফিরল সাদাকালো ব্রিগেড। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ট্রাউ এফসি–কে ৬–০ ব্যবধানে উড়িয়ে দিল মহমেডান। জোড়া গোল ডেভিড লাললাংসাঙ্গার। একটা করে গোল জোসেফ আডজেই, মির্জালোল কাসিমভ, রেমসাঙ্গা এবং স্যামুয়েল লালমুয়ানপুইয়ার।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট মহমেডানের। আগের দুটি ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ডেভিড। ফলে মহমেডানের খেলায় তেমন ধারও ছিল না। এদিন নিজের ভুল শুধরে প্রথম একাদশে ডেভিডকে নিয়ে আসেন সাদাকালো কোচ আন্দ্রে চেরনিশভ। আর তাতেই বদলে গেল মহমেডান। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ। আর সবই ডেভিড কেন্দ্রিক। ম্যাচের ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ১০ মিনিটে ডেভিডের গোলেই ব্যবধান বাড়ায় মহমেডান।
১০ মিনিটে ২ গোলে এগিয়ে গিয়েও আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি মহমেডান। বরং আরও উজ্জীবিত হয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। কয়েকটা সুযোগও তৈরি হয়। জোসেফ, ডেভিড, কাসিমভরা কয়েকটা সুযোগ নষ্ট করেন। না হলে ২০ মিনিটের মধ্যেই ব্যবধান ৫–০ হয়ে গেত। অবশেষে ২৯ মিনিটে আসে তৃতীয় গোল। ব্যবধান বাড়ান জোসেফ। ৩৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ৪–০ করেন কাসিমভ।
দ্বিতীয়ার্ধেও মহমেডানের দাপট অব্যাহত ছিল। একের পর এক সুযোগও তৈরি হয়। ৬৩ মিনিটে মহমেডানের হয়ে পঞ্চম গোলটি করেন রেমসাঙ্গা। ম্যাচের ইনজুরি সময়ে ৬–০ করেন স্যামুয়েল। ট্রাউ এফসি–কে উড়িয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে সাদাকালো ব্রিগেড।
❤ Support Us






