Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৩, ২০২৩

লিগ অভিযানেই বড় ব্যবধানে জয় মহমেডানের, জিতল সবুজ–মেরুণও

আরম্ভ ওয়েব ডেস্ক
লিগ অভিযানেই বড় ব্যবধানে জয় মহমেডানের, জিতল সবুজ–মেরুণও

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অভিযান দারুণভাবে শুরু করল মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচেই ৭–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কলকাতা ফুটবল ক্লাবকে। জোড়া হ্যাটট্রিক করেছেন ডেভিড লালহালানসাঙ্গা ও বেনেস্টোন ব্যারেটো। বাকি গোলটা বিকাশ সিংয়ের।
বুধবার নিজেদের মাঠে লিগ অভিযান শুরু করল মহমেডান। এদিন ম্যাচ দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন সাদাকালো সমর্থকরা। সমর্থকদের নিরাশ হতে হয়নি। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মহমেডানের ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন ডেভিড। এরপর দাপট থাকলেও গোল আসছিল না। অবশেষে ৪০ মিনিটে ডেভিড ব্যবধান বাড়ান। প্রথমার্ধের ইনজুরি সময়ে ৩–০ করেন বিকাশ সিং। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে নিজের প্রথম গোল করেন ব্যারেটো। ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। অন্যদিকে ৭৬ ও ৭৯ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক করেন ব্যারেটো।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৫–১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সবুজ–মেরুণ ব্রিগেড। পিছিয়ে পড়েও দারুণ জয় মোহনবাগানের। দুরন্ত হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন হামতে। বাকি দুটি গোল করেন নঙদম্বা নওরেম এবং সুহেল ভাট।
ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। জয় বাজের সেন্টার থেকে গোল করে টালিগঞ্জকে এগিয়ে দেন মানস সরকার। তারপর থেকে শুধু মোহনবাগানের দাপট। ২৪ মিনিটে সমতা ফেরান নওরেম। দ্বিতীয়ার্ধের শুরুতে ২–১ করেন হামতে। ৫২ মিনিটে তৃতীয় গোল সুহেল ভাটের। ৭৮ মিনিটে ৪–১ করেন হামতে। ৮০ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন হামতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!