- দে । শ
- আগস্ট ১২, ২০২৬
টাটা সন্সের চেয়ারম্যান পদে ইস্তফা চন্দ্রশেখরনের
টাটা শিল্পগোষ্ঠীতে ফের বড়সড় রদবদলের জল্পনা। টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন এন চন্দ্রশেখরন। সংবাদসংস্থা রয়টার্স সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, পদত্যাগ করলেও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি। ওই মাসেই তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে ইস্তফা দিলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত টাটা সন্স-এর শীর্ষ পদে বহাল থাকছেন চন্দ্রশেখরন।
তবে ঠিক কী কারণে চন্দ্রশেখরন চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। টাটা গোষ্ঠীর তরফেও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তাঁর পদত্যাগের নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
চন্দ্রশেখরনের পদত্যাগের সময়ে টাটা গোষ্ঠীর অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে টাটা সন্স-এর চেয়ারম্যান পদে তাঁর পুনর্নিয়োগ নিয়ে আগে থেকেই টাটা ট্রাস্টস-এর আপত্তি ছিল। সেই বিরোধের সঙ্গে তাঁর পদত্যাগের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।
প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলারের টাটা শিল্পগোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল টাটা সন্স। টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), টাটা মোটরস, এয়ার ইন্ডিয়া-সহ প্রায় ৩০টি সংস্থার উপর টাটা সন্স-এর নিয়ন্ত্রণ রয়েছে। সংস্থাটির প্রায় ৬৬ শতাংশ মালিকানা রয়েছে টাটা ট্রাস্টস-এর হাতে। ফলে টাটা সন্স-এর শীর্ষ পদে নিয়োগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ট্রাস্টস-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে চন্দ্রশেখরনের চেয়ারম্যান পদে মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছিল টাটা সন্স। সেই সময় টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নোয়েল টাটা তাঁর মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছিলেন বলে সূত্রের দাবি।
চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের পাশাপাশি টাটা সন্স-এর ভবিষ্যৎ কাঠামো নিয়েও নোয়েল টাটার সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, নোয়েল টাটা চেয়েছিলেন, টাটা সন্স যেন শেয়ার বাজারে নথিভুক্ত না হয়। কিন্তু ওই অবস্থান মেনে কোনও প্রতিশ্রুতি দিতে রাজি হননি চন্দ্রশেখরন।
এই পরিস্থিতিতে টাটা ট্রাস্টস এবং টাটা সন্স-এর মধ্যে মতপার্থক্যই চন্দ্রশেখরনের পদত্যাগের অন্যতম কারণ কি না, তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। যদিও এখনও পর্যন্ত টাটা গোষ্ঠী বা সংশ্লিষ্ট কোনও পক্ষ এই বিষয়ে প্রকাশ্যে কোনও নির্দিষ্ট কারণ জানায়নি।
চন্দ্রশেখরন ২০১৭ সালে টাটা সন্স-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে টাটা গোষ্ঠী একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত ও পুনর্গঠনের মধ্য দিয়ে গিয়েছে। তাঁর পদত্যাগের খবর তাই দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার ভবিষ্যৎ নেতৃত্ব এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
তবে আপাতত ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকায় চন্দ্রশেখরনের নেতৃত্বে টাটা সন্স-এর কাজ চলবে। এরপর চেয়ারম্যান পদে কে দায়িত্ব নেবেন, সেটিই এখন টাটা শিল্পগোষ্ঠীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন।
❤ Support Us







