Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

রক্তাক্ত নাইজেরিয়া ! সশস্ত্র হামলায় নিহত ৫০, অপহৃত বহু শিশু ও মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্তাক্ত নাইজেরিয়া ! সশস্ত্র হামলায় নিহত ৫০, অপহৃত বহু শিশু ও মহিলা

ফের রক্তাক্ত নাইজেরিয়া। সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা হামলা চলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঞ্চলে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

জামফারা প্রদেশের বুক্কুইউম দক্ষিণ অঞ্চলের আই প্রণতা হামিসা এ. ফারু জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ টুনগান দুতসে গ্রামে হামলা শুরু করে প্রায় দেড়শো সশস্ত্র জঙ্গি। মোটরবাইকে চেপে এসে তারা গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি চালায়। শুক্রবার ভোর সাড়ে ৩টে পর্যন্ত চলে হামলা। বহু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু টুনগান দুতসে নয়, জামফারা স্টেটের একাধিক এলাকাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা বহু শিশু ও মহিলাকে অপহরণ করে নিয়ে গেছে। তবে ঠিক কতজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। টুনগান দুতসে গ্রামের ৪১ বছর বয়সি বাসিন্দা আবদুল্লা সানি জানিয়েছেন, এই হামলায় তাঁর পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। তাঁর অভিযোগ, হামলার কয়েক দিন আগে গ্রাম সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ জন সশস্ত্র দুষ্কৃতীকে মোটরবাইকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত নভেম্বরেও নাইজিরিয়ায় একাধিক অপহরণের ঘটনা ঘটে। সেন্ট মেরি’স ক্যাথলিক স্কুল থেকে ১২ থেকে ১৭ বছর বয়সি ২১৫ জনেরও বেশি পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে অপহরণ করা হয়। তাঁদের মধ্যে অনেকে পালিয়ে এলেও কয়েকজনকে সেনাবাহিনী উদ্ধার করে। এখনো বহু পড়ুয়া দুষ্কৃতীদের কবলে রয়েছে বলে জানা গিয়েছে। পুনরাবৃত্ত এই হামলার ঘটনায় আফ্রিকার এই দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবিতে সরকারের উপর চাপ বাড়ছে বিভিন্ন মহল থেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!