Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ৪, ২০২৬

ইরানে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি, ট্রাম্পের দাবি খারিজ রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানে পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি,  ট্রাম্পের দাবি খারিজ রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থার

ইরান পরমাণু বোমা তৈরি করছে—এই অভিযোগ তুলে সম্প্রতি ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে যৌথ হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ও বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েল। অভিযোগ ছিল, ইরান ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সফল হয়েছে, যা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সীমা ছাড়িয়ে অস্ত্র তৈরির সম্ভাবনার ইঙ্গিত দেয়।

মঙ্গলবার গভীর রাতে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানায়, ইরান পরমাণু বোমা তৈরি করছে—এমন কোনও অকাট্য প্রমাণ তারা পায়নি। সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি স্পষ্টভাবে বলেন, “ইরানে পরমাণু বোমা তৈরির নির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে নেই।”

একইসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, ইরানে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় পরিশোধিত ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। পাশাপাশি আইএইএ-র পরিদর্শকদের কাজেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কি না, তা নিয়ে সংস্থার সন্দেহ কাটেনি। যতক্ষণ না ইরান পূর্ণ স্বচ্ছতা ও সহযোগিতা নিশ্চিত করছে, ততক্ষণ উদ্বেগ থেকেই যাবে বলে জানান তিনি।

উল্লেখযোগ্যভাবে, গত বছর গাজা যুদ্ধ চলাকালীন ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে কয়েকটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ইরান অভিযোগ তোলে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র নির্দেশে যৌথ বাহিনী তাদের পরমাণু ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বিশেষ করে নাতানজ পরমাণু কেন্দ্র-এ হামলার পর তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। যদিও আইএইএ জানায়, হামলার ঘটনা ঘটলেও সেখান থেকে কোনও বিপজ্জনক তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়নি।

ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনও পরমাণু অস্ত্র তৈরি করছে না। অন্যদিকে, মার্কিন শর্তে পরমাণু চুক্তিতে রাজি না হওয়াই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অন্যতম কারণ বলে বিশ্লেষকদের মত। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। একদিকে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগের সপক্ষে নির্দিষ্ট প্রমাণের অভাব—সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!