- অনুবাদ কবিতা
- এপ্রিল ১৫, ২০২৫
সাম্প্রতিকের আরবি কবিতা
চিত্রকর্ম: বিজন চৌধুরী
তরজমা : সুদীপ্ত চট্টোপাধ্যায়
শাদি ইউসেফঈশ্বর, আমেরিকাকে বাঁচাও
আমেরিকা, তোমার হাতে
আমরা নিজেদের সমর্পণ করিনি,
তোমার সৈনিকরা ঈশ্বরের প্রতিভূ নয়,
নিমজ্জিত ঈশ্বরের সঙ্গে ডুবতে ডুবতে
আমরা অসহায়ভাবে বেঁচে আছি,
সেইসব গবাদি পশুর ঈশ্বর,
আগুনের ঈশ্বর,
বিষাদের ঈশ্বর, যে গানের সঙ্গে
গেঁথে রাখে কাদা ও রক্ত,
আমাদের মতো
আমাদের ঈশ্বরও দরিদ্র,
তিনি বেরিয়ে আসেন
খিদে থেকে
আলো থেকে
তারপর মাথা তুলে দাঁড়ান ।
হে আমেরিকা
আমরাই সেই মৃত্যুমিছিল
তোমাদের সৈন্যরা আসুক,
হত্যার পরেও আমরা বেঁচে উঠব
ডুবতে ডুবতে আমরা বেঁচে থাকব
আরো জল আসুক
আরো, আরো…।
![]()
লেখক পরিচিতি:
শাদি ইউসেফ আরবি ভাষার কবি । জন্ম ইরাকে । দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেন । পাশাপাশি চলে অনুবাদ কর্ম । প্রকাশিত হয়েছে উপন্যাস ও ছোটোগল্প সংগ্রহ, কবিতার বই ৩০। বিশ্বের বিভিন্ন ভায়ায় অনূদিত হয়েছে তাঁর কবিতা ।

চিত্রকর্ম: লোলিত মোহন সেন
গাদা আল সাম্মানএকটা বিদ্রোহী প্যাঁচা
আমি কেন লিখি ?
কারণ আমার বর্ণমালা
অত্যাচারীর বিরুদ্ধে
বিদ্রোহ করে,
যারা আমার কলমের কালি ঘষে
জুতোর চাকচিক্য বাড়ায়
আর তাদের নীলাভ সুরা
আমার লেখার পাতার ওপর
চলকে পড়ে,
ওই আমার বর্ণমালার রক্ত
আমি গ্রহণ করি.
পান করি,
আমার কলমের কালিই
সব অপ্রমাদের সুরা।
![]()
লেখক পরিচিতি:
গাদা আল সাম্মান-এর জন্ম সিরিয়ায় । ১৯৬৭ তে ইজরায়েল ও মিশরের ছ’দিনের যুদ্ধ স্মৃতি নিয়ে তাঁর গ্রন্থ ‘আই ক্যারি মাই শেম ইন লন্ডন’ পাঠকমহলে সাড়া ফেলে । তাঁর বিভিন্ন কবিতা, গদ্যে উঠে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হিংসা ও বিশৃঙ্খলার, জীবনের অন্ধকার দিক । সাংবাদিক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন । পরে গড়ে তোলেন নিজের প্রকাশনা সংস্থা ।১৯৬২ তে প্রকাশিত হয় প্রথম বই ।

চিত্রকর্ম: রাম কুমার
গাসান জাকতানআমার বাবা খালিল জাকতান
আমি নত হয়ে
তার আকাঙ্ক্ষার ঘ্রাণ নিই
তার সমাধির ফুল ও পাথর
তার শুকিয়ে যাওয়া আনন্দ
তার বিনিময়ের প্রলোভন ও সন্তোষ ।
আমি তাকে আগলে রাখব
শীত, আগন্তুক ও করবী ফুলের
কাছ থেকে,
আর সেই সব কুত্তার বাচ্চাদের থেকে
তারা যেন আমার বাবার
অনুকরণ না করে,
আগলে রাখব
তার সেই শুভ্র মায়া
সেইসব হুমড়ি খেয়ে পড়া
যারা শব্দ কুড়িয়ে বেড়ায় ।
দুটো দুর্বল পায়ের ওপরে
হেঁটে বেড়ায় তার চিৎকার,
গ্রীষ্মের কুণ্ঠা নিয়ে
আমার দিকে সে তাকায়,
আমার ওপর জল ছিটিয়ে দেয়
আমাকে সবুজ করে দেয়
নির্মম গ্লানিগুলো আঙুল দিয়ে
ঝাঁকিয়ে দেবার আগে,
…সেই আমার বাবা,
কবরের অন্ধকার ভেদ করে আসছে
তার কান্নার স্বর ।
আমি সাজিয়ে রাখছি
সেই বাড়ি আর
তোমার শূন্যতা,
যেন এই পৃথিবীতে
আমরা একাই ছিলাম,
তুমি মারা গেলে…
চলে যাওয়ার আগে
আমি ভাঁজ করে রাখলাম
সেই বাজপাখির ডানা
আর পড়ে থাকা
সেইসব শব্দহীন বিশ্বাস ।
![]()
লেখক পরিচিতি:
প্যালেস্তাইন নিবাসী গাসান জাকতান-এর কবিতা এবং উপন্যাস আরবি এবং ইংরেজিতে অনূদিত এবং পুরষ্কৃত । বিভিন্ন সময় থেকেছেন লেবানন, তিউনিসিয়া ও জর্ডনে । প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের সাহিত্য পত্রিকার তিনি সম্পাদক । প্যালেস্তাইনের মন্ত্রিসভার সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা দফতরের প্রাক্তন পরিচালকের কবিতায় প্রকাশ পায় মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব । উপন্যাসে উঠে আসে রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ ।
♦•♦–♦•♦♦•♦–♦•♦♦•♦–♦•♦
❤ Support Us





