- অনুবাদ কবিতা
- এপ্রিল ১৫, ২০২৫
অনুবাদ কবিতা
চিত্রকর্ম: বিনোদবিহারি মুখোপাধ্যায়
প্রেমচন্দ গান্ধীর গুচ্ছ কবিতা
তরজমা : তমোজিৎ সাহা
আমরা পরস্পরের কবিতা
আমরা পরস্পরের কবিতা
যাদের আমরা পাঠ করি সমস্বরে
কবিতাগুলোর ধ্বনিতে মিশে আছে
আমাদের সম্মিলিত শ্বাসবায়ু,
আর পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা শব্দাবলির
অনন্ত শৃঙ্খলায়
আমাদের প্রেমের ছবিগুলো ।
দুটি স্তবকের মাঝামাঝি শূন্যতায় দুঃখ
আর সংকটের নিস্তব্ধতা
আমরা দুজনেই যার সহভাগী
এ এক অন্তহীন সময়ের মতো প্রেমের কবিতা
যার পাঠ এবং লেখা চলতে থাকবে নিরন্তর,
আমাদের মৃত্যুর পরেও।

চিত্রকর্ম: বিনোদবিহারি মুখোপাধ্যায়
বন্ধ দরজার ভেতরে
সে যখনই যায়
বাইরে থেকে দরজা বন্ধ করে যায়
নিজেকে ফেলে রেখে যায় ভেতরে
আমি জানি এভাবেই সে
আমাকে একা থাকতে দেয় না
অন্য কাউকেও আমার কাছে
আসতে দেয় না
আমি ওর দেরাজে বন্দি
কোনো এক অজ্ঞাত ভাষার
বিস্মৃত ছন্দ
বন্ধ দরজার ভিতরে সে আমার সঙ্গী
যেন আমার পুরো বিশ্বসসংসার ।

চিত্রকর্ম: বিনোদবিহারী মুখোপাধ্যায়
বসন্ত এবং উল্কা
তিন বাই দুই এই পাথুরে বেঞ্চে বসতেই
তুমি জিজ্ঞেস করেছিলে
বসন্তের আগে ঝরে পড়া পাতার সঙ্গে
উল্কার কী সম্পর্ক !
এটা ভেবেই আমি চিন্তায় পড়ে গেলাম
বসন্তের আগে কখন আবার উল্কাপাত হয় !
পৃথিবী ছাড়া সৃষ্টিজগতের
আর কোথায় আসে বসন্ত
চাঁদকে জিজ্ঞেস করতেই সে বলল
‘ আমি তো নিজেই প্রতিদিন ঝরে পড়ি
আমার কাছে প্রতি পক্ষেই বসন্ত আসে
উল্কার বিষয়ে আমি কিছুই জানি না ’
পৃথিবীও একই উত্তর দিল
‘ আমি তো নিজেই এক ছিন্ন তারার চিহ্ন
উল্কার কথা তো জানি
বসন্তের সঙ্গে তার সম্পর্কের কথা জানি না ’
একটি পতনোন্মুখ উল্কাই
তোমার প্রশ্নের উত্তর দিল
‘ ব্রহ্মাণ্ড একটি বৃক্ষ এবং
গ্রহ-উপগ্রহ, নক্ষত্র এর শাখা-প্রশাখা
আমার মতো ছোটো তারা এর পাতা
পৃথিবীতে যখন বসন্ত আসে
আমরা দেখতে চলে আসি
ঝরে-যাওয়া পাতা আমাদের গতবছরের বন্ধু ’
এসো,
আমরা উভয়ে মিলে
এই বসন্তে নেমে আসা
উল্কাকে অভ্যর্থনা জানাই ।
♦•♦–♦•♦♦•♦–♦•♦
❤ Support Us





