- গুচ্ছ কবিতা
- এপ্রিল ১৫, ২০২৫
গুচ্ছ কবিতা
চিত্রকর্ম : রবীন মণ্ডল
কৃষ্ণকথা
গান দু’টুকরো হয়ে ভেঙে ডুবে যায় ক্রমশ চোখের জলে, একাকিনী রাধা পারাপার হয়… শূন্য বিষাদে, ভয় ছড়িয়ে পড়ে জলের মধ্যে। ঢেউ ওঠে, দ্বিধা হয়, বহুদুর খুলে যায় হাওয়া… কালো রং ছিটকে ওঠে, কয়েক বিন্দু অশ্রুও পড়ে… দূরে সামান্য বাঁশি ডাকে, আবার কিসের আহ্বানে? ছলনা চাঁদকে টেনে ধরে নামায় নৌকার পাটাতনে। প্রস্তর যুগের আলো দুজনের মাঝে এক হয়ে ফোটে…
বিরহ একলা চলে, অসংখ্য লুকোনো দুঃখ ও ক্ষতে… দেখাও কাকে ঈষৎ রাগ, রাখো গো কৃষ্ণকথা স্মরণে।
তোমাকে ও রাইকিশোরী আমি নই, বাঁশিই শুধু ডাকে, অনন্ত জলরাশি কাঁপে, উঁকি দেয় ওদিকে কোন মধুবালা? অতলে কার ছায়া ক্রমাগত বয়ে যায়, চোখ ধাঁধায় রূপের ধারায়।

চিত্রকর্ম : কামরুল হাসান
অগ্নিশিখা
ঘাটের নীচে খুঁজছে ঢেউ তুলে একটি সবুজ মাছ অনন্ত জলের অতল, স্রোতের আড়ালে ছায়াটি। জাগে ধাবমান মাছের ডানা, মায়াবী নিবিড় তরঙ্গ জলের আঁধারে পড়ে টুপটাপ লাল নীল জ্যোৎস্না… ছুটে আসে ইস্কুলবেলা, ইতিউতি চুড়ির মিষ্টি শব্দ ঢেউ তোলে চঞ্চল বাতাস.. মুঠোর নীচে জমে মেঘ ঘনায় বর্ষা, পিঠজুড়ে বৃষ্টি আসে আজ তোমার জন্যে…
আলো জ্বলে, খিচুড়ি সিদ্ধ হয় আগুনের উত্তাপে, বাঙালি জীবনে রহস্য মেলে নামো তুমি নিশীথে ওই ছন্দে, লুকোনো বিশ্বাসে, ওড়ে শাড়ির আঁচল ফোড়নের গন্ধে, শরীরে নামে শরীর অগ্নিশিখায় রুষ্ট হন রাতের দেবী, বলেন: নামো নীচে নামো… জ্বলে তৃষ্ণা, আয়নায় জাগে আমাদের ভাঙা শরীর

চিত্রকর্ম : পরিতোষ সেন
পরিক্রমা
টিকুন ও দোলার সঙ্গে ১০ গ্রাম সোনার সংসার ভালো থেকো, ভালো থেকো টবের আশ্চর্য গোলাপ রবিবার বিরিয়ানি, অন্যদিন দামি মাস্টারের আনাগোনা বড় হও টিকুন মায়ের নির্দেশ মতন, অচেনা হাওয়া আসে মনে পড়ে দিদানের কথা, একটুকরো রহস্যময় গ্রাম, কল্পনা প্রেমে তাকে ঘিরেই তোমার জীবন পরিক্রমা।
একটি পৃথিবী লিখে রাখে মনের সংকেত ও স্বপ্ন জ্যোৎস্নায় ছিটকে ওঠা একটি অভিমান ডুবে যায় একাকী
কেন থাকে না দিদান তোমাদের সঙ্গে? থাকেন একা দূর গাঁয়ে
মিষ্টি সংসার, বাবা ও মায়ের সম্পর্কের মাঝে মেঘ জমে মা বলেন: টিকুনের সঙ্গে তোমার মা একই বিছানায়, ছিঃ! ‘ছিঃ’ শব্দটি লাফ দেয় পুকুরের জলে চকচকে মাছের মতন
টিকুন বড় হও, ভিক্টোরিয়ার পরির মতন আকাশে ওড়ো… সুক্তো, পাটিসাপটা, আমের আচার না চিনে, বিষদাঁতে স্বাদ নাও-ভৌতিক শহরের, প্রবল সন্ত্রাসে ভাঙাচোরা ১০ গ্রাম সংসারের ।
♦•♦–♦•♦♦•♦–♦•♦
❤ Support Us








