- গুচ্ছ কবিতা
- এপ্রিল ১৫, ২০২৫
গুচ্ছ কবিতা
চিত্রকর্ম: যোগেন চৌধুরী
বুদ্ধপূর্ণিমায়
আর কতদিন তথাগত
এইভাবে রবে মজ্জাগত
আমাদের বাঁচার অভ্যাস?
মৃত্যু নিয়ে এই সহবাস ?
জরা এসে নামিয়েছে ঝুরি
আমাদের মনে পুরোপুরি,
আর কতদিন
এই ভ্রষ্ট সুখ, প্রশ্নহীন ?
অনন্ত অভ্যস্ত অন্ধকারে
আর কোনোদিন সিন্ধুপারে
চাঁদ উঠবে কি ?
একদিন যেমন বোশেখি
পূর্ণিমায় উঠেছিল, আর
চোখে লেগেছিল জলের জোয়ার ?
কেঁদে উঠব আর কোনোদিন
বলো, তথাগত,
সেদিনের মতো ?

চিত্রকর্ম: যোগেন চৌধুরী
জানা হবে
মাথার ওপরে নত
অনাত্মীয় আকাশের নীচে
নিরাপত্তাহীন, রোগা
নৌকোটির মতো
যদি এ জীবন কোনোদিন
ভেসে যায়, তবে
কাকে বলে নিমজ্জন,
কাকে পারাবার,
এ জন্মের মতো জানা হবে ।

চিত্রকর্ম: যোগেন চৌধুরী
ত্রিবেণী
এক সমুদ্র মানুষ,
তিনটি বিরহী নদী,
আকাশে উঠেছে চাঁদ,
দেবতারা দেখে চেয়ে
সমুদ্র-ভরা বিষাদ।
চাঁদের তলায় গান গায় তিন নারী,
গভীর ঘুমের গান,
এক সমুদ্র নিঃশ্বাস ওঠে, পড়ে,
মানুষ নিদ্রা যান।
দুঃখী মানুষ, ক্রুদ্ধ মানুষ,
ভুলে ভরা তার অবনি,
তিন নারী মিলে বাতাস করছে মিঠে,
চুরি করে আনা ননী।
নদীর পায়ের কাছে
এক সমুদ্র মানুষ,
তার সারা গায়ে পাপ,
তারা সারা দেহে দোষ।
আকাশে উঠেছে চাঁদ,
শিশুর মতন ঘুমায়
যাকে সে মেরেছে একদিন,
তার কাছে পেয়ে ক্ষমা।
♦•♦–♦•♦♦•♦–♦•♦
❤ Support Us








