Advertisement
  • গুচ্ছ কবিতা
  • এপ্রিল ১৫, ২০২৫

গুচ্ছ কবিতা

রণজিৎ দাশ
গুচ্ছ কবিতা

চিত্রকর্ম : রফিকুন নবী

 
জীবন্ত ঈশ্বর  

 
[ ‘It is a fearful thing to fall into the hands of the living God.’ – The Bible, Hebrew, 10/31]
 
জীবন্ত ঈশ্বরের হাতে ধরা-পড়া
এক ভয়ংকর ব্যাপার ।
 
লেখা আছে বাইবেলে ।
কে তার তোয়াক্কা করে ? লেনিন সরনি ধরে
নেতা-মন্ত্রী-চোর-সাধু
হেঁটে যায় অকাতরে, লুটের মাল ব্যাগে ভরে –
এই তো দৃশ্য রোজকার ।
 
আসল কথাটা হল,
জ্যান্ত মানুষের হাতে ধরা পড়ে
ঈশ্বর কবেই সাবাড় !
 
তবু আমি ভয় পাই –
মধ্যরাতে, পথের উপরে
ক্রুদ্ধ ও জীবন্ত এক ঈশ্বরের থাবা যদি
হঠাৎ আমার টুঁটি চেপে ধরে ?
 
নৈশ আমোদ শেষে, পার্ক স্ট্রিটে,
ভয়ে ভয়ে হাঁটি । দমকা হাওয়া ঘাড়ে লাগে –
মাথার উপরে কোনো বজ্রমেঘ এসে গেছে নাকি ?
 
মৃত ঈশ্বরের দুনিয়ায়,
বেসামাল, ক্লান্ত হৃদয় –
বুকে নিয়ে ঘুরি এক
জলজ্যান্ত ঈশ্বরের ভয় ।


 

চিত্রকর্ম: জয়নুল আবেদিন

 
নিঃসঙ্গতার নোটবুক

 
বয়স হল অনেক, পঁচাত্তর পেরিয়েছি, কিন্তু এখনও একা একা দিনভর শহরে ঘোরার অভ্যেসটা ছাড়িনি । সপ্তাহে অন্তত দুটো দিন, ঘুরে বেড়াই উত্তর থেকে দক্ষিণ, মেট্রোয় চড়ে আর পায়ে হেঁটে : গ্রন্থাগারে, সিনেমা হলে, অ্যাকাডেমিতে, কফি হাউসে, নানা ছুতোয়, শুধু শুধু একা একা ঘুরে বেড়ানোর নেশায় । শুধু খোলা আকাশের নীচে, রোদে-বৃষ্টিতে শরীরটাকে পোড় খাওয়ানোর নেশায় । কিন্তু আজকাল, হাঁটতে হাঁটতে, ভয় লাগে মনে । যদি হটাৎ মাথা ঘুরে পড়ে যাই রাস্তায়, অজ্ঞান হয়ে যাই – তাহলে কী হবে ?
 
আমি প্রায়ই এই সম্ভাব্য দৃশ্যটা কল্পনা করি । ভরদুপুরে, ম্যাটিনি শো-তে সিনেমা দেখতে এসে, নিউ এম্পায়ার সিনেমাহলের সামনের রাস্তায়, আমি হটাৎ মাথা ঘুরে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি । রাস্তার ধারে পড়ে আছে আমার অসহায়, নিশ্চল শরীরটা, চারপাশে পথচারীদের একটা ছোট্ট জটলা তৈরি হয়েছে, ছুটে এসেছে দু’চারটি হকার ছেলে, একজন হাঁক দিচ্ছে, হেই আব্দুল, জলের বোতলটা নিয়ে আয়, আংকল সেন্সলেস হয়ে গেছে ।তারাই শুশ্রুষা করতে শুরু করল আমাকে, আর বাকী ভিরটা আস্তে আস্তে কমে কমে যেতে লাগল । আমি প্রতিবারই, এই কাল্পনিক দৃশ্যে, অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থেকেও, স্পষ্ট চোখে দেখি, সকলের আগে যে-লোকটি ভিড় ছেড়ে চলে গেল, সেই লোকটাই আমি ।


 

চিত্রকর্ম: সুশান্ত কুমার অধিকারী

 
আমার জীবনে

 
আমার জীবনে অন্তত একজন মানুষ আছে –
যে আমার যে-কোনো বিপদে
আকাশ-পাতাল কাঁপিয়ে দিয়ে ছুটে আসবে
আমাকে বাঁচাতে –
ঝড় তুফানের সঙ্গে লাটি হাতে লড়ে যাবে
শুধু আমার জন্য –
যুদ্ধে, প্রেমে, শুশ্রুষায়
তার শক্তি অপার, অনন্ত
 
আমার জীবনে আছে
এমনই এক দুর্জয় মানুষী –
আমি চরাচরে ধন্য !

♦•♦–♦•♦♦•♦–♦•♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!