- গুচ্ছ কবিতা
- এপ্রিল ১৫, ২০২৫
গুচ্ছ কবিতা
চিত্রকর্ম : গোলাম রসুল সন্তোষ
আমি তখন সূর্য দেখিনি এক আদেশ এল
আমার জন্মের সময় একটা গল্প ওৎ পেতে বসেছিল
বাড়ির পেছনে গোরস্থানে
আমি তখন সূর্য দেখিনি এক আদেশ এল
আমি বহন করছিলাম পৃথিবীর থেকে ভারী একটি কাগজ
চাঁদ তখন গল্প লিখছে
রাত্রি আর দিনের মধ্যভাগের ফাটল দিয়ে শেকলের মতো কান্নার শব্দ উঠে আসছে
যে শেকলে বাঁধা ছিল আমার স্বাধীনতা
ছেঁড়া কাপড়ের এক সামরিক পোশাকে আমার জীবন ছুটে চলল
সামনে সূর্য উঠছে
অনন্তকালের যুদ্ধের ভূদৃশ্য

চিত্রকর্ম : শৈলজা মুখোপাধ্যায়
এবং কাল সকালের আকাশ হবে আমার মুদ্রিত বই
আমি কবিতা লিখছি যার সব অক্ষর মানুষ
এবং আমার কলম আমার মুখ
আমার কবিতার সম্পাদনা করবে সূর্য
এবং কাল সকালের আকাশ হবে আমার মুদ্রিত বই
বইটির নামকরণ হবে
দীর্ঘতম রাত্রিতে নৌকা করে এক ফেরিওয়ালা ফেরি করছিল নক্ষত্র
গোটা বইটা জুড়ে থাকবে আমি গোরস্থানে বসে ঈশ্বরের সাক্ষৎকার নিচ্ছিলাম

চিত্রকর্ম : মকবুল ফিদা হোসেন
ঢেউয়ের ওপরে
ঢেউয়ের ওপরে দাঁড়িয়ে তুমি কে
রাত অনেক হয়েছে
এখন তুমি লিখতে পারো একটা কবিতার শেষ কয়েকটি লাইন
এবং সেটা দিয়ে বদলে দিতে পারো পৃথিবীকে
রাত অনেক হয়েছে
ব্রহ্মাণ্ডব্যাপী এক আয়না ঝুলছে তোমার চোখে
তার প্রচণ্ড খিদে পেয়েছে
তুমি খেতে দিতে পারো কয়েক ফোঁটা শামুকের রস
আয়নাটা বেঁচে আছে একটা কবিতার অসম্পূর্ণতা নিয়ে
♦•♦–♦•♦♦•♦–♦•♦
❤ Support Us








