- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩, ২০২৫
অঘটনের আশঙ্কা উড়িয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে আলকারাজ, সাবালেঙ্কা
এবছর উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই একের পর এক অঘটন। পুরুষদের সিঙ্গলস থেকে বিদায় নিয়েছেন দানিল মেদভেদেভ ও আলেকজান্ডার জেরেভ। মহিলাদের সিঙ্গলস থেকে ছিটকে গেছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েনের মতো তারকা। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের প্রথম দশে থাকা তারকাদের মধ্যে ৮ জন বিদায় নিয়েছেন। তাহলে এবার কি কার্লোস আলকারাজ, এরিনা সাবালেঙ্কাদের পালা? আশঙ্কার অবসান ঘটিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই দুই তারকা।
পুরুষদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারাজ। হারিয়েছেন ব্রিটেনের অলিভার টারভেটকে। আলকারাজ স্ট্রেট সেটে জিতলেও তাঁকে রীতিমতো লড়তে হয়েছে। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জিতেছেন ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা অলিভার টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে ২ ঘণ্টা ১৭ মিনিট। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘সবার আগে আমি অলিভারের প্রশংসা করব। এটা ওর ট্যুরে দ্বিতীয় ম্যাচ। আমি ওর খেলা দারুণ উপভোগ করেছি। আমি নিজের পারফরমেন্সে খুশি। তবে অলিভারকেও কৃতিত্ব দিতে হবে।’
এপ্রিলের বার্সিলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর এই নিয়ে টানা ২০টি ম্যাচ জিতলেন আলকারাজ। এই জয়ের মধ্যে রয়েছে রোম মাস্টার্স, ফ্রেঞ্চ ওপেন এবং কুইন্স ক্লাবের শিরোপা। ২২ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম দুটি সেটে পিছিয়ে পড়েও ইয়ানিক সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন এরিনা সাবালেঙ্কাও। দ্বিতীয় রাউন্ডে অবশ্য যথেষ্ট লড়াই করতে হয়েছে সাবালেঙ্কাকে। যদিও স্ট্রেট সেটেই তিনি জিতেছেন। ৭–৬ (৭–৪), ৬–৪ ব্যবধানে হারিয়েছেন বিশ্বের ৪৫ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভাকে। ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেছেন, ‘অনেক শীর্ষ খেলোয়াড়কে প্রথম রাউন্ডে হারতে দেখাটা কষ্টের বিষয়। আশা করছি আর অঘটন ঘটবে না।’ তৃতীয় রাউন্ডে উঠেছেন এমা রাদুকানুও। ৬–৩, ৬–৩ ব্যবধানে হারিয়েছেন ২০২৩ সালের উইম্বলডন জয়ী চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রোসোভাকে।
❤ Support Us








