Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • আগস্ট ২৮, ২০২৫

নয়-এর উদযাপনে নোটো। যোগেশ মাইমে নাট্য উৎসব

আরম্ভ ওয়েব ডেস্ক
নয়-এর উদযাপনে নোটো। যোগেশ মাইমে নাট্য উৎসব

নয় নয় করে ৮ বছর পার করে ফেলল ‘নোটো থিয়েটার ট্রুপ’। চলতি বছর নবম বর্ষে পদার্পণ করছে এই নাট্য কর্মশালা। আর সে উপলক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ নাট্য সন্ধ্যা। আগামী ২৯ আগস্ট, শুক্রবার, সন্ধে সাড়ে ৬ টা থেকে যোগেশ মাইম অ্যাকাডেমি জুড়ে জুড়ে থাকবে নান্দনিক উৎসবের অনাবিল আবহাওয়া। দর্শক দেখতে পাবেন ৪টি ভিন্ন স্বাদের নাটক, ৪টি পৃথক অভিজ্ঞতা।

আয়োজনের নেপথ্যে রয়েছেন নাট্যজগতে পরিচিত দুই মুখ— অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র। তাঁদের কথায়, ‘প্রতি বছরের মতো এবারেও চেনা ছকের বাইরে কিছু ভিন্নধর্মী নাট্য পরিবেশনা রাখার চেষ্টা হয়েছে। নোটো থিয়েটারের এই বছরের সূচি, ভীষণ আকর্ষণীয়। এক মঞ্চেই পরিবেশিত হবে ইতিহাস, শিশু-কাহিনি, কৌতুক ও ভৌতিক থিমে সাজানো ৪টি নাটক।’

প্রথম নাটক ‘দুর্গাদাস’। এটি মূলত পাঠাভিনয়, দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী রচনা থেকে গৃহীত। দেশের ইতিহাসে অবিচল এক যোদ্ধার সংগ্রাম এবং আত্মত্যাগের কাহিনি এ নাটকের কেন্দ্রে। দ্বিতীয় প্রযোজনা, শিশুদের উপযোগী নাটক ‘এক যে ছিল লাকি’। মনকাড়া কল্পনার জগতে টেনে নিয়ে যাবে এই গল্প, যা ছোটদের পাশাপাশি বড়োদেরও আনন্দ দেবে। তৃতীয় নাটকটি একটি অনুনাটক, নাম ‘কবিতা বিভ্রাট’। বনফুলের লেখা থেকে অনুপ্রাণিত এ নাটকটি মূলত ছোটো পরিসরের, কিন্তু রসঘন ও বুদ্ধিদীপ্ত। হাস্যরসের মোড়কে যেখানে ধরা দেবে গভীর মানবিক বার্তা। সন্ধ্যার শেষ পরিবেশনা ভৌতিক নাটক ‘আগুনের পরশ’। সুদীপ্ত ভৌমিক রচিত এ নাটক দর্শকদের হৃদয়ে এঁকে দেবে ঠান্ডা স্রোতের গা ছমছমে অভিজ্ঞতা।

একই সন্ধ্যায় ৪টি ভিন্ন স্বাদের নাটক, ৪টি আলাদা মেজাজ। বাংলা থিয়েটার জগতের অন্যতম পরিচত ‘নোটো থিয়েটার ট্রুপ’-এর জন্মদিবসে নাট্যসংস্কৃতির এই বহুমাত্রিক প্রয়াসকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ ঘনিয়ে উঠেছে। আয়োজকেরা আশাবাদী, এ সন্ধ্যা শুধু বিনোদন নয়, বরং ভাবনারও খোরাক হয়ে উঠবে দর্শকের কাছে। অনলাইনেও  মিলবে টিকিট। ইচ্ছুক দর্শকরা যোগাযোগ করতে পারেন ৮৩৩৪৯৯৪৪৮১ ও ৯১৮০১৭৭২৫৪৯৯ নম্বারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!