- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৯, ২০২৫
পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীর কাছে টি২০ হারতে হয়েছে বাংলাদেশকে। সেই হার থেকে বেঙ্গল টাইগাররা যে শিক্ষা নেয়নি, পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই বোঝা গেল। হারের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানের কাছে সিরিজের প্রথম ম্যাচেই ৩৭ রানে পরাজয়। একবছর পর জাতীয় দলে ফিরে দুরন্ত বোলিং করলেন হাসান আলি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তৃতীয় বলেই ফিরে যান সাইয় আয়ুব (০)। পরের ওভারে আউট হন ফখর জামান (১)। ৫ রানে ২ উইকেট হারানোর পর মহম্মদ হারিস ও অধিনায়ক সলমান আগা পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান। ১৮ বলে ৩১ রান করে আউট হন হারিস। ৩৪ বলে ৫৬ রান করেন সলমান আগা। এরপর শেষ দিকে ঝড় তোলেন হাসান নেওয়াজ ও শাদাব খান। এই দুজেনর ঝড়েই ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। ২২ বলে ৪৪ রান করেন হাসান নেওয়াজ। অন্যদিকে, ২৫ বলে ৪৮ রান করেন শাদাব খান। শেষ ৩ ওভারে পাকিস্তান তোলে ৪৩।
এইরকম বড় রান তাড়া করে জিততে গেলে শুরুটা ভাল হওয়া দরকার। কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। দ্বিতীয় ওভারেই হাসান আলির বলে আউট পারভেজ হোসেন (৪)। এরপর ঝড় তোলা তানজিদ হাসানকেও (১৭ বলে ৩১) থামান হাসান আলি। এরপর লড়াই চালান অধিনায়ক লিটন দাস (৩০ বলে ৪৮)। তাঁকে তুলে নিয়ে বাংলাদেশকে জোর ধাক্কা দেন শাদাব খান। লিটন ফেরার পরি ধস নামে বাংলাদেশের ইনিংসে। তৌহিদ হৃদয় ২২ বলে করেন ১৭। শেষদিকে কিছুটা লড়াই চালান জাকের আলি (২০ বলে ৩৬)। ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুরন্ত বোলিং করে ৩০ রানে ৫ উইকেট তুলে নেন একবছর পর দলে ফেরা হাসান আলি। ২৬ রানে ২ উইকেট শাদাব খানের।
❤ Support Us







